বরিশাল, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের সংঘর্ষের জের ধরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ আগামী ২৭ এপ্রিল খুলে দেয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগের দিন কলেজের পাঁচটি ছাত্রাবাসও খুলে দেওয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে কলেজ অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৬ এপ্রিল রাতে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষের জের ধরে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য মেডিকেল কলেজটি বন্ধ ঘোষণা করে।
কলেজ অধ্যক্ষ ডা. সৈয়দ জাহিদ হোসেনের সভাপতিত্বে সভায় কলেজের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি হাসপাতাল ও ক্যাম্পাসের ভেতরে বহিরাগতদের অনুপ্রবেশ রোধে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।
বর্তমানে ক্যাম্পসে সুষ্ঠু পরিবেশ বিরাজ করায় ২৬ এপ্রিল ছাত্রবাসগুলো এবং পরদিন কলেজ খুলে দেওয়ার বিষয়ে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয় বলে কলেজ অধ্যক্ষ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এইচএ/১৪০১ ঘ.
bdnews24