ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধ্যপ্রাচ্যভিত্তিক এনজিওগুলোর কার্যক্রম নিয়ে সরকার 'বিব্রতকর' অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।
সরকার এসব এনজিও-ও কার্যক্রম নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান।
সমাজকল্যাণ মন্ত্রী বুধবার সচিবালয়ে তার কার্যালয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, "এসব এনজিওর অনেকগুলোই সিডরসহ বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে দুর্বলতার সুযোগ নিয়ে দেশে কাজ শুরু করেছে। সরকার এসব এনজিওকে খেপাতে চায় না, তবে তাদের নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।"
মন্ত্রী বলেন, এনজিওগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণে সরকার সামাজিক নিরাপত্তা কাউন্সিল (সোশ্যাল সিকিউরিটি কাউন্সিল) গঠনের উদ্যোগ নিয়েছে। আগামী বাজেটের আগেই এটি চূড়ান্ত করা হবে। এজন্য একটি প্রস্তাব চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। তার অনুমোদন পেলেই বিষয়টি মন্ত্রিপরিষদের বৈঠকে উঠবে। মন্ত্রিপরিষদের অনুমোদনের পর প্রস্তাবটি সংসদে তোলা হবে।
এনামুল হক জানান, সামাজিক নিরাপত্তা কাউন্সিল এনজিওগুলোর কার্যক্রম তদারকি ও নিয়ন্ত্রণ করবে। অনেক সংস্থার মাধ্যমে নিবন্ধনের পরিবর্তে শুধু একটি সংস্থার মাধ্যমেই নিবন্ধন ও নিয়ন্ত্রণ করা হবে। এজন্য ইতিমধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জয়েন্ট স্টক কোম্পানি, সমাজসেবা অধিদপ্তর এবং এনজিও ব্যুরোসহ সব প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে।
মন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় পৌনে দুই লাখ এনজিও কাজ করছে। এর মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত ২৫ শতাংশ এনজিওরই কার্যক্রম বন্ধ রয়েছে। এগুলোর নিবন্ধন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আর যেসব এনজিও বর্তমানে কাজ করছে, তাদেরও সামাজিক নিরাপত্তা কাউন্সিলের মাধ্যমে নতুন করে নিবন্ধন নিতে হবে।
বিদেশে নিবন্ধিত কোন এনজিওকে দেশে কাজ করতে দেওয়া হবে না জানিয়ে মন্ত্রী বলেন, তাদের নতুন করে নিবন্ধন নিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এসকে/২৩৫৫ঘ.
bdnews24