গাজীপুর, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক বুধবার বলেছেন, দেশে ধান উৎপাদনে শুধু সেচ খাতেই উৎপাদন খরচের প্রায় ৩০ শতাংশ অর্থ ব্যয় হয়।
খরা সহনীয় জাত উদ্ভাবন করে এ ব্যয় কমিয়ে আনা সম্ভব বলে মত দেন তিনি।
গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (বিআরআরআই) এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন প্রতিকূল এলাকার উপযোগী বীজ উদ্ভাবন করারও পরামর্শ দেন কৃষি বিজ্ঞানীদের।
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) এ কর্মশালার আয়োজন করে।
কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সাত্তার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ইরি'র প্রজেক্ট লিডার ড. ডেভিড ম্যাককিল, বিআরআরআই-এর মহাপরিচালক ড. ফিরোজ শাহ সিকদার, ইরি'র বাংলাদেশ লিয়াজোঁ বিজ্ঞানী ড. এমএ হামিদ মিয়া এবং স্ট্রাসা'র সমন্বয়ক ড. উমা শঙ্কর সিং।
খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে উন্নয়ন সহযোগী দেশ ও প্রতিষ্ঠান গবেষণা খাতে বিনিয়োগ কমিয়ে দিয়েছে। ফলে নতুন জাতের বীজ উদ্ভাবিত হচ্ছে না।
সারা বিশ্বে খাদ্য উৎপাদন বৃদ্ধি স্থিতিশীল পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, খাদ্য চাহিদা পূরণে ধান ও খাদ্যশস্যের নতুন জাতের বীজ উদ্ভাবনের জন্য গবেষণা খাতে বিনিয়োগ বাড়াতে হবে।
খাদ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর দেশে বছরে এক কোটি মেট্রিক টন ধান উৎপন্ন হতো। ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণার মাধ্যমে উচ্চ ফলনশীল জাতের বীজ উদ্ভাবন করে উৎপাদন তিন কোটি মেট্রিক টনে বাড়ানো যেতে পারে।
তিনি বলেন, এ উৎপাদনও দেশের খাদ্য নিরপত্তার জন্য যথেষ্ট নয়। যে কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হলে বর্তমান উৎপাদনে খাদ্য চাহিদা পূরণ হয় না। ফলে বিদেশের দিকে তাকিয়ে থাকতে হয়।
খাদ্যশস্যের নতুন জাতের বীজ উদ্ভাবনে গবেষণা খাতে বিনিয়োগ বাড়াতে উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিকূল পরিবেশে সহনীয় ধানের জাত উদ্ভাবন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। উপকূলীয় এলাকার প্রায় ২৮ লাখ হেক্টর জমিতে বিআর-৪৭ জাতের ধান চাষ করতে পারলে ধান উৎপাদনে বৈপ্লবিক সাফল্য আসবে বলে তিনি মনে করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/০১০৬ ঘ.
bdnews24