নড়াইল, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইলের লোহাগড়া উপজেলার শেখপাড়া বাতাসি গ্রামে বুধবার তিনটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবসীর বরাত দিয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সরকার জানান, গ্রামের বাসিন্দা শাহিদুর রহমানের বাড়ির পাশে পুকুর খননের সময় শ্রমিকরা গ্রেনেড তিনটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গ্রেনেডগুলো উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেনেডগুলো সম্ভবত ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়ের। এগুলো পরীক্ষা করার জন্য বোমা বিশেষজ্ঞদের কাছে খবর দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৭ ঘ.
bdnews24