চট্টগ্রাম, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বন্দরে বৃহস্পতিবার সকালের মধ্যে বড় জাহাজ চলাচল শুরুর চেষ্টা চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
চ্যানেলে কর্ণফুলীর মোহনায় মঙ্গলবার রাতে একটি লাইটার জাহাজ ডুবে যাওয়ার পর থেকে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
সেভেন সার্কেল-২৫ নামের ওই জাহাজের নিখোঁজ নাবিক আমানুল্লাহ বাহারের লাশ বুধবার রাত সাড়ে ৭টার দিকে ১১ নম্বর জেটি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেল থেকে অভ্যন্তরীণ লাইটারগুলো (মাল খালাসে ব্যবহৃত ছোট জাহাজ) ডুবে যাওয়া জাহাজের পাশ দিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ডুবে যাওয়া জাহাজটির উদ্ধার কাজ শুরু হয় বুধবার বিকেলে।
জীবিত উদ্ধার করা ১১ নাবিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনা তদন্তে নৌ-বাণিজ্য অধিদপ্তরের শিপ সার্ভেয়ার প্রকৌশলী সিরাজুল ইসলামকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বন্দরের সদস্য (মেরিন অ্যান্ড হারবার) এস আরিফ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধারকারী তিনটি বেসরকারি প্রতিষ্ঠান একযোগে উদ্ধার কাজ করছে। বৃহস্পতিবার সকালের মধ্যে বড় জাহাজ চলাচলের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।
তিনি বলেন, "আজ (বুধবার) ৫টি জাহাজ বন্দরের বিভিন্ন জেটি থেকে বাইরে এবং ৯টি জাহাজ বহির্নোঙর থেকে বন্দরের ভেতরে আসার কথা ছিল। দুর্ঘটনার কারণে এগুলোর শিডিউল বাতিল করা হয়েছে।"
জাহাজ চলাচল না করায় ব্যবসায়ী মহলের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই জানিয়ে বন্দর সদস্য বলেন, চলাচল শুরু হলে বন্দর কর্তৃপক্ষ দ্রুততম সময়ে জাহাজ থেকে মালামাল খালাসের ব্যবস্থা নেবে।
গত ২০/২৫ বছরে এমন ঘটনা আর হয়নি বলেও জানান তিনি।
ডুবে যাওয়া জাহাজটি বন্দরের বহির্নোঙরে অবস্থানরত পানামার পতাকাবাহী 'এমভি সারিম' থেকে ক্লিংকার খালাস করে ১৫ নম্বর জেটির দিকে যাচ্ছিল।
ডুবে যাওয়া জাহাজের মালিক সানমুন শিপিং কোম্পানির সত্ত্ব
bdnews24