ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদে পাস হওয়া 'উপজেলা পরিষদ-২০০৯' আইন বাতিল এবং ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইন পুনর্বহালের দাবিতে অনড় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ফোরাম।
বুধবার এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক সিলেটের বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান মুহিবুর রহমান তাদের এ দাবি পুনর্ব্যক্ত করেন।
গত ১৫ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ফোরাম আত্মপ্রকাশ করে। ওই অনুষ্ঠানেই এ ফোরাম উপজেলা আইন ২০০৯ সংশোধন করা না হলে সাংসদদের এলাকায় অবাঞ্ছিত ঘোষণার হুমকি দেয়।
অনুষ্ঠানে অবিলম্বে নবম সংসদে পাস হওয়া উপজেলা পরিষদ-২০০৯ আইনটি বাতিল করে উপজেলা পরিষদ-২০০৮ আইন পুনর্বহালেরও দাবি জানানো হয়।
বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মলনে সংগঠনের আহ্বায়ক তাদের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে বলেন, "আমরা সরকারের সঙ্গে আলোচনা করতে চাই। আমরা এ বিষয়ে সুযোগের অপেক্ষায় আছি।"
মুহিবুর রহমান অভিযোগ করে বলেন, "উপজেলা পদ্ধতিকে অংকুরে বিনষ্ট করতে একটি অশুভ শক্তি ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা নির্বাচিত হওয়ার পরও কোন কাজ করতে পারছি না। মন্ত্রণালয়ের পরিপত্রে আমাদের ওপর ন্যস্ত কর্মকাণ্ডের দায়িত্ব সাংসদদের ওপর দেওয়া হচ্ছে। কাবিখা, টিআর, ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতাসহ সব কর্মকাণ্ড সাংসদরা তাদের আস্থাভাজন দলীয় কর্মীদের মাধ্যমে পরিচালনা করছে।"
সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের হাতে ক্ষমতা ফিরিয়ে আনার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে আগামী সপ্তাহ থেকে সম্মেলন অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, "আমরা প্রতিটি বিভাগে পর্যায়ক্রমে সম্মেলন শেষে আগামী মে মাসে ঢাকায় জাতীয় সম্মেলন করতে চাই।"
সংবাদ সম্মেলনে ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইন পুনর্বহালের দাবি জানিয়ে কিছু সংশোধনী প্রস্তাবও উত্থাপন করে ফোরাম। এর মধ্যে উপজেলা পরিষদের অধীনে কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন উপজেলা চেয়ারম্যান কর্তৃক অনুমোদন করা ও স্থানীয় সাংসদদের পরামর্শ গ্রহণের ধারাটি বাতিল উল্লেখযোগ্য।
উপজেলা চেয়ারম্যানদের আরেকটি সংগঠন বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন (এবিইউপি) এর পক্ষ থেকেও বর্তমান আইনে বিদ্যমান স্থানীয় সাংসদের পরামর্শ বাধ্যতামূলক সংক্রান্ত ধারাটি বাতিলের দাবি জানানো হয়েছে। এজন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে।
বুধবার ফোরামের সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যানদের মধ্যে একে আতাউর রহমান খান, আবুল বারাকাত, ইউসুফ আল আজাদ, জিয়াউল হক সরকার, আনোয়ারুল হক বাবলু, শামীম আহমেদ চৌধুরী, এস এম আহসান কবির ও মোজাম্মেল হক সরকার উপস্থিত ছিলেন।
ভাইস চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সুধীন কুমার সরকার, মোস্তাফিজুর রহমান ব্যাপারী, সাজ্জাদ হোসেন, তিতাস মোস্তফা, শাহ আবদুল্লাহ আল মামুন, নাজমা বেগম ও শাহানা পারভিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এজে/এইচএ/১৭৪৫ ঘ.
bdnews24