পটুয়াখালী, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভিজিএফের চাল আত্মসাতের চেষ্টার অভিযোগে করা মামলায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল বাকের মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার মির্জাগঞ্জ থানা সংলগ্ন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মির্জাগঞ্জ থানার উপ-পরিদর্শক লুৎফর জানান, গত ৮ এপ্রিল মজিদবাড়িয়া ইউনিয়ন পরিষদ থেকে ৫৮ বস্তা চালসহ আবদুল আজিজ নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। একইদিন মির্জাগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবদুল গফ্ফার বাদী হয়ে ইউপি চেয়ারম্যান আবদুল বারেক মিয়াসহ ১৫ জনকে আসামি করে ভিজিএফের চাল আত্মসাৎ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
বারেক মিয়া এখন থানা হেফাজতে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২৯ ঘ.
bdnews24