ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দুর্নীতি যথাসম্ভব কমিয়ে আনতে গোটা রাজস্ব প্রশাসনকে 'সম্পূর্ণভাবে ডিজিটালাইজড' করা হবে। এরই অংশ হিসেবে আগামী ২০০৯-১০ অর্থবছর থেকেই অনলাইনে বার্ষিক আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা করা হবে।
মঙ্গলবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অর্থমন্ত্রী এ ঘোষণা দেন।
রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর দপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী বলেন, "আমরা (সরকার) গোটা এনবিআর প্রশাসনকে কমপ্লিটলি ডিজিটালাইজড করে গড়ে তুলবো। এর ফলে দুর্নীতি অনেকাংশে কমে আসবে। আগামী অর্থবছর থেকেই অনলাইনে বার্ষিক আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা করা হবে।"
ইন্টারনেটের মাধ্যমে অনলাইন হয়ে নিজেই প্রদত্ত নির্দেশনা মতো তথ্য দাখিল করা যাবে বলে এজন্য কোন কর আইনজীবীর সহযোগিতার প্রয়োজন হবেনা বলে উল্লেখ করেন মন্ত্রী। তবে করপোরেট ট্যাক্স আদায়ের ক্ষেত্রে হিসাবনিকাশের জন্য করদাতার সহযোগিতার প্রয়োজন হতে পারে বলে অভিমত দেন তিনি।
কর দেওয়ার প্রক্রিয়া আরো সহজ করা হবে বলেও জানান মুহিত।
অর্থমন্ত্রী বলেন, "বিশ্ব বাণিজ্য সংস্থাসহ (ডব্লিউটিও) নানা কারণে দিন দিন কাস্টমস ও ভ্যাট খাত থেকে কর আদায়ের সুযোগ সীমিত হয়ে আসছে। এজন্য আয়কর আদায়ের ওপর আমাদের বেশি জোর দিতে হবে।"
বিশ্বমন্দা সত্ত্বেও চলতি ২০০৮-০৯ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী। তিনি জানান, চলতি অর্থবছরে এনবিআর খাতে রাজস্ব আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৫৪ হাজার ৫০০ কোটি টাকা। মার্চ পর্যন্ত নয় মাসে ৩৫ হাজার ৮০ কোটি টাকা আদায় হয়েছে যা এ সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দুই হাজার কোটি টাকা কম। বাকি তিন মাসে লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
এনবিআরের প্রাতিষ্ঠানিক সংস্কারের খুব একটা দরকার নেই বলে মত দেন মুহিত। তিনি এ প্রসঙ্গে বলেন, "আইনের সংস্কার করতে পারলেই কাঙ্খিত রাজস্ব আদায় করা সম্ভব হবে। দুর্নীতিও কমবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২২৪৯ঘ.
bdnews24