কক্সবাজার, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আপত্তি উপেক্ষা করে বাংলাদেশ সীমান্তে জিরো পয়েন্টের ৮০ গজের মধ্যে বাঁধ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে মিয়ানমার।
তবে মঙ্গলবার বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (নাসাকা) মিয়ানমারের ঘুমধুম এলাকায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে মিয়ানমার বাঁধ নির্মাণের বিষয়টি অস্বীকার করেছে।
এর আগে সোমবার সকাল দশটার দিকে উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত বিওপির কাছে ২০ নাম্বার সীমানা পিলারের পূর্বে জিরো পয়েন্টের ৮০ গজের মধ্যে বাঁধ নির্মাণের কাজ শুরু করে নাসাকা।
মিয়ানমার সেনাবাহিনীর প্রকৌশল শাখার সদস্য এবং স্থানীয় রাখাইন যুবকরা এ কাজে নাসাকাকে সহায়তা করছে বলে সীমান্তের বাসিন্দারা জানান। পালংখালী রহমতের বিল এলাকা ঘুরে এসে স্থানীয় একজন সাংবাদিক জানান, মঙ্গলবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত বাঁধ নির্মাণ কাজ চলতে দেখা গেছে।
কক্সবাজার ১৭ রাইফেলস ব্যাটালিয়নের অভিযান কর্মকর্তা মেজর তানিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিয়ানমারের ঘুমধুম এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিডিআরের পক্ষে পালংখালী বিওপি ও ঘুমধুম বিওপি কমান্ডার অংশ নেন। অন্যদিকে নাসাকার পক্ষে একজন ক্যাপ্টেন ও কয়েকজন সুবেদার পদ মর্যাদার কর্মকর্তা অংশ নেন।
বৈঠকে নাসাকার কর্মকর্তারা সীমান্তে কোন প্রকার বাঁধ নির্মাণের কথা অস্বীকার করেন। তখন বিডিআরের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের উখিয়া সীমান্তে পালংখালী বিওপির কাছাকাছি ২০ নাম্বার সীমানা পিলারের পূর্বে জিরো পয়েন্টের ৮০ গজের মধ্যে এ বাঁধ নির্মাণ করা হচ্ছে। কিন্তু নাসাকা কর্মকর্তারা তা অস্বীকার করে বলেন, মিয়ানমার তাদের সীমান্তে জিরো পয়েন্টের ১৫০ গজের মধ্যে কোন ধরণের বাঁধ নির্মাণ করছে না। যদি কেউ করে থাকে তা অবশ্যই বন্ধ করা হবে।
মেজর তানিম আরও জানান, সীমান্তে সেনা মোতায়েন এবং সেনা বাহিনীর প্রকৌশল শাখার সদস্যদের বাঁধ নির্মাণে অংশ নেওয়ার বিষয়টিও নাসাকা কর্মকর্তারা অস্বীকার করেছেন।
তারা এ ব্যাপারে আরও আলোচনার জন্য বিডিআরের ব্যাটালিয়ন অধিনায়ককে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বসার আমন্ত্রণ জানিয়েছে নাসাকা কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২১২২ ঘ.
bdnews24