ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর পুরান ঢাকার রাজার দেউড়ি এলাকায় একটি দোকানে মঙ্গলবার সকালে সন্ত্রাসীদের বোমা হামলায় একজন আহত হয়েছেন।
কয়েকমাস আগে ওই দোকান মালিকের এক ছেলেকে খুন করে সন্ত্রাসীরা। এ ব্যাপারে দায়ের করা মামলা তুলে নিতে সন্ত্রাসীরা এখন চাপ দিচ্ছে বলে নিহতের পরিবার দাবি করছে।
মামলা তুলে না নেওয়ায় এই হামলা চালানো হয়েছে বলে তারা অভিযোগ করেছেন।
কোতওয়ালী থানার উপ-পরিদর্শক কাজী শাহেদুজ্জামান জানান, মনিভূষণ বিশ্বাসের দোকানে বেলা সাড়ে ১১ টার দিকে বোমা হামলা চালায় তিন/চারজন সন্ত্রাসী। এতে দোকান মালিকের ছেলে আপন বিশ্বাস আহত হন।
এ ঘটনায় দোকান মালিকের আরেক ছেলে নিহার রঞ্জন বিশ্বাস বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এতে কারো নাম উল্লেখ করা হয়নি।
নিহার রঞ্জন জানান, গত ৭ জানুয়ারি তার ভাই বিশ্বজিতকে দোকানের ভেতরেই গুলি করে হত্যা করে এলাকার চাঁদাবাজরা।
তাদের পুরো পরিবার এখন চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/এইচএ/২০২৫ ঘ.
bdnews24