ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা, খুলনা, রাজশাহী বিভাগসহ বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। আরও দু'একদিন তা অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার দুপুর ৩টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ এসএম মাহমুদুল হক জানান, "শনিবার থেকে তাপ প্রবাহ শুরু হয়েছে। দু'একদিন তা অব্যাহত থাকবে।"
তিনি জানান, খুলনা অঞ্চলে বয়ে যাচ্ছে তীব্র তাপ প্রবাহ। রাজশাহী ও ঈশ্বরদী অঞ্চলে মাঝারি এবং ঢাকায় মৃদু তাপ প্রবাহ বিরাজ করছে।
তাপ প্রবাহের কারণ ভারতের পশ্চিমবঙ্গের তাপীয় লঘুচাপ বলে আবহাওয়াবিদ মাহমুদুল হক জানান।
আবহাওয়া অফিস জানায়, ঢাকায় সর্বোচ্চ ৩৬.৫ ডিগ্রি, যশোরে ৪১. ৪ ডিগ্রি, ঈশ্বরদীতে ৩৮.০ ডিগ্রি, বগুড়ায় ৩১.৩ ডিগ্রি, সাতক্ষীরায় ৩৭.২ ডিগ্রি, ফরিদপুরে ৩৭.৫ ডিগ্রি, মাদারীপুরে ৩৫.৫ ডিগ্রি, টাঙ্গাইল ৩৫.৬ ডিগ্রি, রাজশাহীতে ৩৬.৫ ডিগ্রি, চাঁদপুরে ৩৪.৮ ডিগ্রি ও কুতুবদিয়ায় ৩২.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, ঈশ্বরদী অঞ্চলসহ খুলনা বিভাগের উপর বিরাজমান মাঝারি থেকে তীব্র তাপ প্রবাহ এবং বগুড়া অঞ্চলসহ ঢাকা বিভাগের উপর বিরাজমান মৃদু তাপ প্রবাহ অব্যাহত থাকবে।
আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা আবদুর রহমান জানান, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৪০ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামে ৩১.৩ ডিগ্রি, রাজশাহীতে ৩৮.৮ ডিগ্রি, খুলনায় ৩৭.৮ ডিগ্রি, বরিশালে ৩৪.১ ডিগ্রি এবং সিলেটে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএসবি/১৭০৩ ঘ.
bdnews24