জামালপুর, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য সন্দেহে জামালপুরে গ্রেপ্তার ছয়জনকে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
রোববার রাতে জামালপুর শহরের ফুলতলা এলাকার একটি বাসা থেকে তিন শিশুসহ নয়জনকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এদের মধ্যে ৫৪ ধারায় দুই মহিলাসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়। তিন শিশু বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
সোমবার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, আজ (সোমবার) দুপুরে সন্দেহভাজন ছয়জনকে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন জানানো হয়।
হাকিম ফজলে খোদা শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে র্যাব-১২ জামালপুর ক্যাম্পের সহকারী পরিচালক লেফটেন্যান্ট নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেএমবি জঙ্গি সন্দেহে ছয়জনকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা তিন শিশুকে থানা হেফাজতে দেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইলের মধুপুরের দাসপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুস সালাম (২৫), জামালপুরের সরিষাবাড়ির গোপিনাথপুর গ্রামের হামেশ আলীর ছেলে মিজানুর রহমান (২১), শেরপুরের নালিতাবাড়ির কৃষ্ণপুরের শাহজাহান সিরাজীর ছেলে জাকারিয়া (২৮), জাকারিয়ার স্ত্রী রাবেয়া (২৩), চট্টগ্রামের বাঁশখালীর সরলা গ্রামের এসএম মোস্তাফিজুর রহমানের ছেলে তারেক মোস্তফা মাসুম (২৯) এবং তার স্ত্রী সৈয়দা হালিমা ইয়াসমীন (২৩)।
থানা হেফাজতে থাকা শিশুরা হল- জাকারিয়া-রাবেয়া দম্পতির দুই সন্তান সোমাইয়া (৩) ও শাদ (দেড় বছর) এবং ভোলার চরফ্যাশনের করিম পাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ৮ বছরের ছেলে জোবায়ের। জোবায়ের আটক ইয়াসমিনের আত্মীয়।
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমানের বাড়ি জামালপুর জেলায়। ২০০৫ সালে ঝালকাঠিতে দুইজন বিচারক হত্যার অভিযোগে ২০০৬ সালে সিলেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ২০০৭ সালে কুমিল্লা কারাগারে আব্দুর রহমানসহ সংগঠনের ছয় শীর্ষ নেতার ফাঁসি কার্যকর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/এমএসবি/১৮২৭ ঘ.
bdnews24