২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে তিন আন্তর্জাতিক সংস্থাকে হুমকি দিয়ে জেএমবি'র নামে চিঠি

অবিলম্বে কর্মকাণ্ড বন্ধ করে বাংলাদেশ ত্যাগ করতে হবে নতুবা কর্মকর্তাদের হত্যা করা হবে বলে হুমকি দিয়ে বরিশালে তিনটি আন্তর্জাতিক সংস্থার কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জেএমবির নামে চিঠি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 03:20 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

বরিশাল, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবিলম্বে কর্মকাণ্ড বন্ধ করে বাংলাদেশ ত্যাগ করতে হবে নতুবা কর্মকর্তাদের হত্যা করা হবে বলে হুমকি দিয়ে বরিশালে তিনটি আন্তর্জাতিক সংস্থার কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জেএমবির নামে চিঠি দেওয়া হয়েছে। নগরীর পুলিশ লাইন এলাকায় একই ভবনে অবস্থিত জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), বিশ্ব খাদ্য কর্মসূচি ও আন্তর্জাতিক রেডক্রস ফেডারেশন (আইএফআরসি) কার্যালয়ে সোমবার দুপুরে ডাকযোগে পৃথক তিনটি চিঠি পৌঁছায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশানার হায়াতুল ইসলাম খান। তিনি জানান, কম্পিউটারে ইংরেজিতে লেখা চিঠিগুলোতে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অবিলম্বে কর্মতৎপরতা এবং কার্যালয় বন্ধ করে বাংলাদেশ ত্যাগ করার জন্য বলা হয়েছে। অন্যথায় তাদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে শুধু জেএমবি লেখা ছিল। কারো স্বাক্ষর ছিল না। যে ডাকঘর থেকে চিঠি পাঠানো হয়েছে তার সিলমোহর অস্পষ্ট হওয়ায় পুলিশ সেটা সনাক্ত করা যায়নি বলে পুলিশ কর্মকর্তা হায়াতুল ইসলাম জানান। তিনি বলেন, "পুলিশ তিনটি সংস্থার কার্যালয় পরিদর্শন করেছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চিঠির ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তদন্ত শুরু করেছে পুলিশ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২২ ঘ.