২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলফনামায় জালিয়াতি: কুড়িগ্রামে দুই নির্বাচন কর্মচারি সাময়িক বরখাস্ত

উপজেলা নির্বাচনে দুই প্রার্থীর হলফনামায় জালিয়াতির প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জড়িত থাকার অভিযোগে জেলা নির্বাচন অফিসের দুই কর্মচারিকে সাময়িক বরখাস্তের পরামর্শ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2009, 05:35 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---উপজেলা নির্বাচনে দুই প্রার্থীর হলফনামায় জালিয়াতির প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জড়িত থাকার অভিযোগে জেলা নির্বাচন অফিসের দুই কর্মচারিকে সাময়িক বরখাস্তের পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এতথ্য জানান। সারওয়ার মোর্শেদ জানান, কুড়িগ্রাম সদর উপজেলার বিজয়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের হলফনামা পরিবর্তনে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা নির্বাচন অফিসের উচ্চমান সহকারি ফারুক আহমেদ ও কম্পিউটার অপারেটর হারুনুর রশীদকে সাময়িক বরখাস্তের নির্দেশনা দিয়েছে কমিশন। এছাড়া কুড়িগ্রাম সদর উপজেলার প্রার্থী পনিরউদ্দিন আহমেদ ও নুরুন্নবী সরকারের বিরুদ্ধে মামলা করার জন্য স্থানীয় কর্মকর্তাদের বলা হয়েছে বলে জানান উপ-সচিব। ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, স্থানীয় নির্বাচন অফিসের কর্মচারীদের সহায়তায় বিজয়ী দুই প্রার্থী রিটার্নিং কর্মকর্তার ভল্টে রাখা সংরক্ষিত হলফনামা পরিবর্তন করে মনোনয়নপত্রের সঙ্গে নতুন হলফনামা যুক্ত করে দেন। গত ২২ জানুয়ারি নির্বাচনের আগে পনিরউদ্দিন ও নুরুন্নবী শিক্ষাগত যোগ্যতা ও ঋণ সংক্রান্ত তথ্যে জালিয়াতি করেন। পরে হলফনামা ওয়েবসাইটে প্রকাশের পর তা ধরা পড়ে। গত ১৩ এপ্রিল এ বিষয়ে সদর থানায় মামলা হলে এ জালিয়াতির তদন্ত শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২৩৩২ঘ.