বগুড়া, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া শহরতলীর মাটিডালি এলাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শুক্রবার রাতে পদপিষ্ট হয়ে জিল্লুর (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
জিল্লুর বগুড়া সদর উপজেলার পাঁচ বাড়িয়া গ্রামের মঞ্জুর মণ্ডলের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীল ছাত্র ছিল।
মঞ্জুর মণ্ডল জানান, জিল্লুর শুক্রবার বাড়ি থেকে পালিয়ে শুক্রবার রাতে মেলায় আসে। রাত সাড়ে ১০ টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে লোকজন নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ছোটাছুটি করতে শুরু করে। এ সময় জিল্লুর পড়ে যায় এবং জনতার পায়ের আঘাতে মারা যায়।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের কর্মী বাদল জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ৪/৫ জন জিল্লুরকে মৃত অবস্থায় জরুরি বিভাগে রেখে চলে যাচ্ছিলেন। তখন কর্মচারিরা তাদের ধাওয়া করে। কিন্তু তাদের কাউকে ধরা যায়নি। পরে তারা লাশ হাসপাতাল মর্গে রেখে দেন।
মেলার পরিচালক শাহীন জানান, পদপিষ্ট হয়ে কিশোরের মৃত্যু একটি দুর্ঘটনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫২ ঘ.
bdnews24