সাতক্ষীরা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামে শনিবার সকালে সাত মাস বয়সী এক কন্যাশিশুকে জবাই করে হত্যা করা হয়েছে।
শিশুটির নাম- ছাবিকুন্নাহার। সে গ্রামের আরিজুল দফাদার ও আলেয়া বেগম মমতাজের মেয়ে।
এ ব্যাপারে আরিজুল অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আলেয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হক জানান, ঘরের বারান্দায় দোলনায় ঘুমিয়ে থাকা অবস্থায় শিশুটিকে বটি দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায় এবং রক্তমাখা বটি উদ্ধার করে।
ওসি জানান, আলেয়ার শাড়িতে রক্তের দাগ পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা- পরকীয়া প্রেমের কারণে হত্যার শিকার হয়েছে শিশুটি।
আলেয়া দাবি করেন, সকালে তিনি মেয়েকে দোলনায় ঘুম পাড়িয়ে পুকুরে পানি আনতে যান। ফিরে এসে তাকে জবাই করা অবস্থায় দেখতে পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৬ ঘ.
bdnews24