২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে ৩ নিরাপত্তাকর্মী আহত

নগরীর মিরপুরের পল্লবীতে শনিবার সন্ত্রাসীদের গুলিতে একটি গার্মেন্টেসের তিন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের একজনের অবস্থা আশংকাজনক। গার্মেন্টেসের ঝুট ব্যবসার দ্বন্দ্ব নিয়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2009, 10:03 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর মিরপুরের পল্লবীতে শনিবার সন্ত্রাসীদের গুলিতে একটি গার্মেন্টেসের তিন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের একজনের অবস্থা আশংকাজনক। গার্মেন্টেসের ঝুট ব্যবসার দ্বন্দ্ব নিয়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সোয়া ১টার দিকে মিরপুর পল্লবীর ১১ নম্বর সেক্টরে নিটওয়্যার গার্মেন্টস লিমিটেড-এ দায়িত্ব পালনের সময় তিন নিরাপত্তাকর্মী গুলিবিদ্ধ হয়। তিনি জানান, গুলিবিদ্ধরা হলেন গার্ড কমান্ডার আব্দুল আজিজ (৫৩), গার্ড কাউসার পারভেজ (৩০) ও গার্ড আমজাদ হোসেন (৩০)। এরা ইপিলিয়ান সিকিউরিটি এজেন্সির সদস্য। এদের বুক ও হাতে গুলি লেগেছে। তিনি বলেন, "প্রতিষ্ঠানটিতে এ সময় দুপুরের খাবারের ছুটি হয়। শ্রমিকরা বেরিয়ে আসতে শুরু করলে, তাদের ভিড়ের সঙ্গে মিশে সন্ত্রাসীরা গুলি ছুড়ে পালিয়ে যায়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। আমজাদের অবস্থা আশংকাজনক।" পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিষ্ঠানটিতে কিছুদিন ধরে ঝুটের মাল নিয়ে দ্বন্দ্ব চলছিল। আগে একটি পক্ষ ঝুটের মাল কিনত। কিছুদিন আগে তাদের বাদ দিয়ে আরেকটি পক্ষের কাছে মাল বিক্রি করা হয়। আমরা ধারণা করছি, এ নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। তবে অন্য কোন বিষয় আছে কিনা- তাও আমরা খতিয়ে দেখছি।" চাঁদাবাজির কারণে এ ঘটনা ঘটেনি বলে দাবি করেন ওসি আব্দুল মালেক। তিনি জানান, এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/জিএনএ/১৬০৫ ঘ.