২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দর ও শাহ আমানত বিমান বন্দরের কার্যক্রম বন্ধ

ঘুর্ণিঝড় 'বিজলী' মোকাবেলায় চট্টগ্রামে স্থানীয় প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষ প্রায় সব ধরণের প্রস্তুতি শেষ করেছে। চট্টগ্রাম বন্দরে ছয় নম্বর বিপদ সংকেত জারির পর জাহাজ চলাচলসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2009, 02:21 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

চট্টগ্রাম, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুর্ণিঝড় 'বিজলী' মোকাবেলায় চট্টগ্রামে স্থানীয় প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষ প্রায় সব ধরণের প্রস্তুতি শেষ করেছে। চট্টগ্রাম বন্দরে ছয় নম্বর বিপদ সংকেত জারির পর জাহাজ চলাচলসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। চট্টগ্রামের উপকূলবর্তী ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দুপুরের পর লোকজনকে সরিয়ে নেয়া শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। জেলা ও নগরীর উপকূলীয় এলাকা থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে। শুক্রবার সকালে ঘুর্ণিঝড় বিজলীর কারণে ছয় নম্বর বিপদ সংকেত জারির পর চট্টগ্রাম বন্দরে এবং বহির্নোঙরে বিশেষ সতর্কতা-৩ জারি করা হয়। এরপর থেকে বন্দরের জেটি, চ্যানেল ও বহিঃনোঙ্গরে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। জাহাজ থেকে মালামাল খালাস ও বন্দর থেকে পণ্য সরবরাহও বন্ধ রয়েছে। চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের সব কার্যক্রমও সকাল ১১ টার পর থেকে বন্ধ রয়েছে। ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করতে দেওয়া হচ্ছে না। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম বন্দরে ছয় নম্বর বিপদ সংকেত জারির পর বন্দরে সব ধরণের সতকর্তামূলক প্রস্তুতি নেওয়া হয়। বন্দরের নিজস্ব বিশেষ সতকর্তা-তিন (লেভেল-৩) জারি করা হয়। সব ধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে। বহিঃনোঙ্গরে অবস্থানরত সব জাহাজকে নিরাপদে থাকতে বলা হয়েছে। তিনি জানান, সকালের পর থেকে বন্দরের জেটিতে অবস্থানরত সব বড় জাহাজকে পর্যায়ক্রমে বহির্নোঙ্গরে এবং বন্দরের চ্যানেলে অবস্থানরত সব ছোট নৌযানকে কর্ণফুলী নদীর উজানে নোঙর করতে নির্দেশ দেয়া হয়েছে। সাম্ভব্য দুর্যোগ মোকাবেলায় বন্দর চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সমন্বয় সভা দুপুরে বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। বন্দর সচিব জানান, বন্দরের সকল ভারী যন্ত্রপাতিও নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। ঘুর্ণিঝড় মোকাবেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনে আলাদা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা প্রশাসক ফরিদউদ্দিন আহমেদের সভাপতিত্বে একটি সমন্বয় সভা জেলা প্রশাসকের বাসভবনে অনুষ্ঠিত হয়। সভায় জেলা ও সব উপকূলীয় এলাকার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় জানানো হয়, দুর্যোগ মোকাবিলায় জেলায় ছয় হাজার কর্মী কাজ করছে। এখন পর্যন্ত ২৮৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। উপকূলের ঝুকিপূর্ণ ৭ টি উপজেলায় বিশেষ নজরদারি করা হচ্ছে। ইতিমধ্যে সব উপজেলায় পর্যাপ্ত শুকনো খাবার ও ওষুধের সরবরাহ নিশ্চিত করা হয়েছে। সভায় জেলা প্রশাসক জানান, উপকূলের ৫ হাজার মানুষজনকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি হিসেবে উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে শুরু করেছে। নিরাপদ আশ্রয়ের জন্য সব স্কুল, ওয়ার্ড কার্যালয় ও ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে। কর্পোরেশনের উদ্যোগে বেশ কিছু উদ্ধারকারী দল এবং ১০টি মেডিকেল দল প্রস্তুত রাখা হয়েছে বলে কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান। কর্পোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটিও বাতিল করা হয়েছে। কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ওয়ার্ড কমিশনার এস এম ইকবাল নগরীর উপকূলীয় এলাকা পরিদর্শন করে সবাইকে যথাযথ প্রস্তুতি নিতে সকলকে নির্দেশ দিয়েছেন। তবে নগরী ও বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে মাইকিং করে লোকজনকে সরে যেতে ও নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হলেও এলাকার লোকজন নিজের ঘরবাড়ি ছেড়ে যাচ্ছে না বলে জানা গেছে। এদিকে, ঘুর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম মহানগরীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকলেও পানির উচ্চতা বিকেল পর্যন্ত তেমন বৃদ্ধি পায়নি বলে বন্দর রেডিও কন্ট্রোল সূত্রে জানা যায়। বৃহষ্পতিবার বিকেল তিনটা থেকে শুক্রবার তিনটা পর্যন্ত চট্টগ্রামে ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে পতেঙ্গা আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ মুজিবুর রহমান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএনএস/এইচএ/২০১০ঘ.