২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীদের চাপাতির আঘাতে ঢাকায় এসবি কর্মকর্তা আহত

ছিনতাইকারীদের চাপাতির আঘাতে শুক্রবার ভোরে মালিবাগ মোড়ে আহত হয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) সহকারী উপ--পরিদর্শক আব্দুল কাদের মোল্লা। তবে ছিনতাইকারীদের মধ্যে একজনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2009, 01:11 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ছিনতাইকারীদের চাপাতির আঘাতে শুক্রবার ভোরে মালিবাগ মোড়ে আহত হয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) সহকারী উপ--পরিদর্শক আব্দুল কাদের মোল্লা। তবে ছিনতাইকারীদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। ছিনতাইকারীরা পুলিশ কর্মকর্তার কাছ থেকে একটি মোবাইল ফোন সেট, ঘড়ি, পরিচয়পত্র ও ৭৫ টাকা ছিনিয়ে নিয়েছে। মতিঝিল থানার উপ--পরিদর্শক মোয়াজ্জেম হোসেন জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরোক্ষ শাখায় কর্মরত সহকারী উপ--পরিদর্শক আব্দুল কাদের মোল্লা কাজে যোগ দেওয়ার জন্য শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রিক্সায় করে রামপুরার বাসা থেকে অফিস যাচ্ছিলেন। রিক্সাটি মালিবাগ মোড়ে পৌঁছলে একটি ট্যাক্সিক্যাব দিয়ে রিক্সার গতিরোধ করে কয়েকজন ছিনতাইকারী। পুলিশ কর্মকর্তা জানান, ছিনতাই-এর সময় আব্দুল কাদের এক ছিনতাইকারীকে জাপ্টে ধরলে অন্যরা তাকে চাপাতি দিয়ে কোপ দেয়। এতে তিনি আহত হন বলে উল্লেখ করে তিনি বলেন, এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে ওই ছিনতাইকারীকে আটক করা সম্ভব হয়। আব্দুল কাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে দ্রুত বিচার আইনে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/১৯১০ ঘ.