ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাড়ে ছয়কোটি টাকার ওয়াসার কাজের দরপত্রকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচা ওয়াসা কার্যালয়ে দুই দল ঠিকাদারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১৫ জনকে আটক করে পুলিশ । পরে ১৪ জনকে ছেড়ে দেওয়া হয়।
শাহবাগ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, সেগুন বাগিচা ওয়াসা কার্যালয়ে বিশৃঙ্খলাকারী সন্দেহে ১৫ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে কাগজপত্র দেখে জুয়েল নামে এক যুবক ছাড়া বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।
ওয়াসার একজন কর্মকর্তা আটকদের 'ভাল লোক' বলে লিখিতভাবে জানালে একজনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।
ওই পুলিশ কর্মকর্তা দাবি করেন, শান্তিপূর্ণভাবে দরপত্র জমা নেওয়া ও খোলা হয়েছে। যারা কাজ পায়নি তারা ফটকের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার দাবি করেন, যুবলীগের কিছু বহিরাগত সন্ত্রাসী নির্দিষ্ট ঠিকাদারের পক্ষ নিয়ে টেন্ডার দখলের চেষ্টা চালালে এ ঘটনা ঘটে।
সেগুন বাগিচা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ২টি শাখায় ৬ কোটি ৪৭ লাখ টাকার ১৪টি প্যাকেজ টেন্ডার আহবান করা হয়। এর মধ্যে একটি শাখায় ৩৫ লাখ টাকার ৫টি প্যাকেজ টেন্ডার ও অন্য শাখায় ৬ কোটি ১২ লাখ টাকার ৯টি কাজের টেন্ডার আহবান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে দরপত্র জমা ও বাক্স খোলার সময় নির্ধারিত ছিল।
পুলিশ জানায়, দরপত্রে অংশ নেওয়া ঠিকাদাররা সকাল থেকে সেগুন বাগিচা কার্যালয়ের গেটে ভিড় করতে থাকেন। সকাল সাড়ে ১১টার দিকে বহিরাগত ক্যাডাররা দরপত্র জমা দিতে আসা ঠিকাদারদের ঢুকতে বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনার বিষয়ে একজন নির্বাহী প্রকৌশলী জানান, বাইরে মারপিট হতে পারে। তবে ভেতরে কিছু হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এএল/এইচএ/২২৪০ঘ.
bdnews24