ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ-পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে।
বুধবার আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে বলা হয়, রাত ৯টার দিকে এটি সামান্য উত্তরে সরে মধ্য-পশ্চিম ও মধ্য-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছিল।
নিম্নচাপটি চট্টগ্রাম বন্দর থেকে এক হাজার ৩৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৯৬০ কিলোমিটার এবং মংলা বন্দর থেকে ৯৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার। তবে দমকা ও ঝড়ো হাওয়াসহ তা সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের আশপাশ এলাকায় সমুদ্র খুবই উত্তাল থাকতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে অবস্থানকারী সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছে অবস্থান করার পরামর্শ বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/ডিডি/টিআর/২৩৫০ ঘ.
bdnews24