জামালপুর, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরের মেলান্দহে এক ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটতরাজ চালানো হয়েছে।
চেয়ারম্যান একে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করলেও পুলিশ বলছে, ভিজিডি ও ভিজিএফের মালামাল বিতরণকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে।
মেলান্দহের শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসাইন বাদল অভিযোগ করেন, একদল সন্ত্রাসী তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু তাদের চাঁদা না দেওয়ায় সন্ধ্যায় তার কাজাইকাটার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।
এ সময় তার দু'টি দোকানের মালামাল এবং ৩টি গরুও নিয়ে যায় হামলাকারীরা। তদের হামলায় চেয়ারম্যান পবিরারের ৫ সদস্য আহত হয় বলে তিনি অভিযোগ করেন।
কিন্তু মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন জানান, ভিজিডি ও ভিজিএফের মালামাল বিতরণ নিয়ে লোকজনের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর জের ধরে এই হামলার ঘটনা ঘটে।
তবে এ ব্যাপারে এখনো কোন মামলা দায়ের করা হয়নি বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২২৫৪ ঘ.
bdnews24