নোয়াখালী, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হোস্টেলে বিশুদ্ধ পানি সরবরাহ ও নিরাপত্তা জোরদার করে তোলাসহ বিভিন্ন দাবিতে নোয়াখালীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বুধবার অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করেছেন।
এর আগে ক্লাশও বর্জন করেন নোয়াখালী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। সে সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ম্যাটস শিক্ষার্থী মিজানুর রহমান, নাজমুল হাসান টুটুল ও নাসরিন রহমান।
শিক্ষার্থীরা জানান, পাশের একটি দিঘী থেকে নোয়াখালী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ছেলে ও মেয়েদের হোস্টেলে পানি সরবরাহ করা হয়ে থাকে। এই পানি ব্যবহার করে অনেক শিক্ষার্থী ডায়রিয়া, টাইফয়েডসহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বলে তারা অভিযোগ করেন।
তারা বলেন, নিচু ও জরাজীর্ণ সীমানা প্রাচীরের পাশাপাশি প্রবেশ পথে শক্তিশালী গেট না থাকায় হোস্টেলে অবস্থানরত ছাত্র-ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় তাদের আন্দোলনের পথ বেছে নিতে হয়েছে।
পরে ম্যাটসের অধ্যক্ষ ডা. এবিএম আজিজুল ইসলাম দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হন।
দিঘী থেকে হোস্টেলে পানি সরবরাহ করার কথা স্বীকার করে তিনি বলেন, এ ব্যপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গভীর নলকূপ স্থাপন কিংবা পৌরসভার মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/১৮০৮ ঘ.
bdnews24