ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আসা নিম্নমানের চিংড়ি পোনার কারণে দেশের গলদা হ্যাচারিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন।
তারা দাবি করেছেন, ভারতীয় পোনা আসল গলদা না হওয়ার কারণে উৎপাদন কম হওয়ায় ঘের মালিকরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি রপ্তানি কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রা তথা রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে সরকার।
বাংলাদেশ গলদা চিংড়ি হ্যাচারি অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শেখ মো. শফি উদ্দিন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাতক্ষীরার সীমান্ত দিয়ে চোরাইপথে ভারত থেকে প্রচুর পরিমাণে গলদা চিংড়ির পোনা প্রবেশ করছে। বিক্রেতারা এগুলোকে নদীর পোনা হিসেবে চালানোর চেষ্টা করছে। কিন্তু এগুলো কোনভাবেই নদীর পোনা নয়।"
পাচার হয়ে আসা পোনা কম দামে বিক্রি হওয়ায় দেশীয় উৎপাদকরা মার খাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, "কোটি কোটি টাকা বিনিয়োগ করে উদ্যোক্তারা হ্যাচারি করেছেন। কিন্তু চোরাইপথে আসা পোনার কারণে এ শিল্প এখন হুমকির সম্মুখীন।"
এর আগে সরকার নদী থেকে চিংড়ি পোনা ধরা নিষিদ্ধ করে।
শফি উদ্দিনের দেওয়া তথ্য মতে, দেশে প্রতিবছর ১২০ থেকে ১৫০ কোটি গলদা চিংড়ি পোনার চাহিদা রয়েছে। তবে ৪২ টি হ্যাচারিতে ৮০ থেকে ১০০ কোটি পোনা উৎপাদন করা সম্ভব।
কুয়াকাটার শিবলী হ্যাচারি অ্যান্ড ফার্মের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা শিবলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারত থেকে আসা পোনা বেশি বড় হয়না। এককেজি হতে ৩০ থেকে ৪০টি লাগে। আমাদের পোনা বড় হলে ৪টিতেই এককেজি হয়ে যায়।"
একারণে উৎপাদন কমে যাবে বলে আশঙ্কা প্রকাশ করে তিনিও বলেন, "গলদার নামে এসব পোনা চালানো হলেও এটি আসলে গলদা নয়। ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার হ্যাচারিতে এসব পোনা ফোটানোর পর ১০ থেকে ১২ দিন রেখে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অথচ আসল গলদার পোনা ফোটানোর পর ৪০ থেকে ৪৫ দিন হ্যাচারিতে রাখতে হয়।"
বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির সভাপতি মো. মুসা মিয়া একইরকম অভিমত দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মুসা মিয়া বলেন, "বাংলাদেশে চিংড়ি পোনার অভাব নেই। ভারতীয় যে পোনা আসে তা নিম্নমানের। ঘেরে দিলে কিছুদিন পর মরে যায়।"
এ ব্যাপারে বাংলাদেশ শ্রিম্প ও ফিশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. মাহমুদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেশ কিছুদিন ধরেই এ ব্যাপারটি শুনে আসছি। গলদা চিংড়ির বদলে যদি অন্য কোনও পোনা দেওয়া হয় তাহলে চাষীরা ক্ষতিগ্রস্ত হবে।"
নিুমানের পোনা যদি এসেই থাকে তাহলে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা কি করছেন এমন প্রশ্নও তুলে তিনি বলেন, "বাংলাদেশের গলদা চিংড়ির ভবিষ্যৎ ভালো। তবে এর প্রতি সরকারের নজর দিতে হবে।"
এদিকে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে 'নকল' গলদা চিংড়ি পোনা আসার বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনও তথ্য নেই বলে জানিয়েছেন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমরা এরকম শুনেছি, কিন্তু সঠিক কোনও তথ্য প্রমাণ পাইনি। খামারিদের সঙ্গে আমরা বৈঠক করেছি, তদন্ত করেছি কিন্তু সুনির্দিষ্ট কোনও তথ্য পাইনি।"
মন্ত্রী বলেন, "এরপরও বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর নেবো। এরকম পেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
চিংড়ি নীতিমালা না থাকার এ খাতে অনেক অনিয়ম হচ্ছে মন্তব্য করে মৎস্য মন্ত্রী বলেন, "নীতিমালা না থাকার কারণে সঠিকভাবে চিংড়ির মান নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শিগগিরই আমরা নীতিমালা করবো। চিংড়ির ভালো উৎপাদনের জন্য আমরা ভালো পোনা উৎপাদনের ব্যাপারেও পদক্ষেপ নেবো।"
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক রফিকুল ইসলামও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ব্যাপারটি শোনার কথা স্বীকার করেন।
মহাপরিচালক বলেন, "ভারত থেকে চোরাইপথে পোনা আসছে বলে আমরা শুনেছি। কিন্তু এর কোনো সত্যাসত্য আমরা এখনও পাইনি।"
তিনি বলেন, "চোরাইপথে যদি আসেই তাহলে তা প্রতিরোধ করার দায়িত্ব বিডিআরের। এ ব্যাপারে আমরা বিডিআরকে চিঠি দেব বলে ভাবছি।"
বাংলাদেশের রপ্তানি করা হিমায়িত খাদ্যের মধ্যে ৯০ ভাগই চিংড়ি। আর মোট চিংড়ির মধ্যে প্রায় ৭০ ভাগ বাগদা এবং ৩০ ভাগ গলদা। চলতি অর্থবছরের প্রথম আটমাসে এ খাতে আয় হয়েছে ৩৩১ মিলিয়ন ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/২২০১ঘ.
bdnews24