২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে যাত্রীবাহী বাস উল্টে ৯ জন নিহত

ঢাকা-রংপুর মহসড়কের রংপুরের পীরগঞ্জ উপজেলায় সোমবার গভীর রাতে একটি যাত্রীবাহী বাস উল্টে নয়জন নিহত এবং আরো ৪০ জন আহত হয়েছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2009, 05:38 AM

Updated : 26 Aug 2022, 11:19 AM

রংপুর, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-রংপুর মহসড়কের রংপুরের পীরগঞ্জ উপজেলায় সোমবার গভীর রাতে একটি যাত্রীবাহী বাস উল্টে নয়জন নিহত এবং আরো ৪০ জন আহত হয়েছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের অধিকাংশ কৃষিশ্রমিক। তাদের দুই জনের পরিচায় পাওয়া গেছে। তারা হলেন- রংপুরের বদরগঞ্জের সুরুজ মিয়া (১৮) এবং মিঠাপুকুরের জহুরুল (২২)। তাৎক্ষণিকভাবে নিহত অন্য সাতজনের পরিচয় জানা যায়নি। পীরগঞ্জের বড় দরগা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নীলফামারীর ডিমলা থেকে ঢাকাগামী জোস্না পরিবহনের একটি বাস রাত ১টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার বিশমাইল নামক স্থানে পৌঁছলে বাসটির সামনের একটি চাকা বিস্ফোরিত হয়ে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উল্টে যায়। দীন মোহাম্মদ বলেন, "বাসটি উল্টে গেলে ঘটনাস্থলে সাত যাত্রী নিহত এবং ৪৩ জন আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর মঙ্গলবার সকালে আরো ২ জন মারা যায়।" আহতদের ১০ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদুর রহমান। এসআই দীন মোহাম্মদ আরো জানান, গাড়িটিতে শতাধিক যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রী বহনের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১৪২ ঘ.