সিরাজগঞ্জ, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপজেলা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে পশু সম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস ও তার মেয়ে সোমা বিশ্বাসসহ ছয় স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দায়ের করা মামলা সোমবার খারিজ করে দিয়েছে একটি আদালত।
সিরাজগঞ্জের বিচারিক হাকিম আদালতের বিচারক মো. সিরাজউদ্দীন ইকবাল মামলাটি আমলে না নিয়ে খারিজ করে দেন।
গত ২২ জানুয়ারি সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা নির্বাচন চলাকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের উপস্থিতিতে ইচ্ছার বিরুদ্ধে ভোটারদের ভোট দিতে বাধ্য করেন। ব্যালট বাক্স ছিনতাই ও ভোটকেন্দ্র থেকে অন্যান্য দলের এজেন্টদের বের করে দেওয়াসহ নানা ধরনের অনিয়মের কারণে ইসি ওই দিন ভোটাভুটি স্থগিত ঘোষণা করে।
সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা-১ নীতিশ চন্দ্র দে বাদী হয়ে গত ৫ ফেব্র"য়ারি আব্দুল লতিফ বিশ্বাস, মেয়ে সোমা বিশ্বাস, মন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী হিলটন সাহা, স্থানীয় আওয়ামী নেতা ও উপজেলা চেয়ারম্যান পদপ্রাথী ফজলুল সরকারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিবেদক/ডিডি/টিআর/০০৪৫ ঘ.
bdnews24