২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিপণ্য সংগ্রহে অপচয় বন্ধে নতুন প্রযুক্তি উদ্ভাবনের অহ্বান

দেশে উৎপাদিত কৃষিপণ্য সংগ্রহ, মাড়াই, সংরক্ষণ ও বাজারজাত করতে প্রতি বছর প্রায় ২৯ হাজার ৬৬৮ কোটি টাকার অপচয় হয়। শুধুমাত্র ধানের ক্ষেত্রেই প্রতি বছর অপচয়ের পরিমাণ প্রায় ২৬ লাখ আট হাজার মেটিক টন। কেজি প্রতি ধানের মূল্য ১২ টাকা হিসেবে এ অপচয়ের পরিমাণ প্রায় তিন হাজার ২১৬ কোটি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 07:38 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে উৎপাদিত কৃষিপণ্য সংগ্রহ, মাড়াই, সংরক্ষণ ও বাজারজাত করতে প্রতি বছর প্রায় ২৯ হাজার ৬৬৮ কোটি টাকার অপচয় হয়। শুধুমাত্র ধানের ক্ষেত্রেই প্রতি বছর অপচয়ের পরিমাণ প্রায় ২৬ লাখ আট হাজার মেটিক টন। কেজি প্রতি ধানের মূল্য ১২ টাকা হিসেবে এ অপচয়ের পরিমাণ প্রায় তিন হাজার ২১৬ কোটি টাকা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়নে সোমবার 'বাংলাদেশের উৎপাদন পরবর্তী অপচয় কমিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রকৌশলগত উপায়' শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধে এ তথ্য তুলে ধরা হয়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) কৃষি প্রকৌশল বিভাগ এ সেমিনারের আয়োজন করে। আইইবি'র কৃষি প্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী হারুন-উর-রশিদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক খিরোদ চন্দ্র রায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অ্যাড স্পাইকার্স, ইনস্টিটিউটের সম্মানী সম্পাদক প্রকৌশলী মেজবাহুর রহমান টুটুল, কৃষি গবেষণা ইনস্টিটিউটের পোস্ট হারভেস্ট বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী ড. মোহাম্মদ শাহজাহান, কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী সামস-উদ-দীন আহমেদ ও ইনস্টিটিউশনের কৃষি প্রকৌশল বিভাগের সচিব প্রকৌশলী এম মাসুদুজ্জামান। খাদ্যমন্ত্রী বলেন, উৎপাদন পরবর্তী অপচয়ের পরিমাণ কোনভাবেই শূণ্যের কোটায় নামিয়ে আনা সম্ভব নয়। তবে প্রযুক্তির সঠিক প্রয়োগ করে এ অপচয় কমিয়ে আনা সম্ভব। অপচয় রোধ করা গেলে তা খাদ্য নিরাপত্তায় ব্যাপক ভূমিকা রাখবে। এ জন্য নতুন প্রযুক্তির উদ্ভাবনে কৃষি প্রকৌশলীদের আরো কাজ করতে হবে এবং উদ্ভাবিত প্রযুক্তিকে কৃষক পর্যায়ে জনপ্রিয় করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। খিরোদ চন্দ্র রায় তার নিবন্ধে বলেন, দেশের কৃষকরা অনেক ব্যয় ও কষ্ট করে কৃষিপণ্য উৎপাদন করে থাকে। কিন্তু উৎপাদিত কৃষিপণ্য সংগ্রহ, মাড়াই, সংরক্ষণ ও বাজারজাত করতে প্রতি বছর প্রায় ২৯ হাজার ৬৬৮ কোটি টাকার অপচয় হয়। প্রতি বছর শুধু ধানের ক্ষেত্রে অপচয়ের পরিমান প্রায় ২৬ লাখ আট হাজার মেটিক টন। প্রতি কেজি ধান ১২ টাকা দরে বিক্রি হলেও অপচয়ের পরিমাণ প্রায় তিন হাজার ২১৬ কোটি টাকা দাঁড়াবে। তিনি বলেন, ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা, আলু ও শাক-সবজিসহ প্রতিটি কৃষিপণ্য সংগ্রহ, মাড়াই, সংরক্ষণ ও বাজারজাত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার না করাই এর প্রধান কারণ। এজন্য আধুনিক প্রযুক্তির ব্যবহারকে আরো জনপ্রিয় করে তুলতে হবে। পরে সেভ দ্য চিলড্রেন, ইউএসএ'র কান্ট্রি ডিরেক্টর কেল্ল্যান্ড স্টিভেনসন এর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে তার দপ্তরে সাক্ষাত করে। এ সময় স্টিভেনসন মন্ত্রীকে জানান, খাদ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় সেভ দ্যা চিলড্রেন বরিশাল, ভোলা, পটুয়াখালী ও বরগুনা জেলার ১১টি উপজেলায় শিশু ও মায়েদের খাদ্য নিরাপত্তা এবং পুষ্টিকর খাবার সরবরাহের জন্য প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/০০৫০ঘ.