ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলক্ষেত থেকে গ্রেপ্তার জামা'আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) আট সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার তিন দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান আট জঙ্গীকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক মুন্সী আব্দুল মজিদ তিন দিন মঞ্জুর করেন।
এ আট জঙ্গী হলেন তারিকুল্লাহ ওরফে রুবেল (২০), মো. হাসানুজ্জামান (২৬), মো. আব্দুল মতিন ওরফে জাকির (৩২), ইউসুফ আল আসাদুল্লাহ বিন ওয়াহিদুল্লাহ (২১), সুমন ওরফে আব্দুল্লাহ (১৮), জাহিদুর রহমান ওরফে জাহিদ (২৮), আনোয়ার হোসেন ওরফে বাতেন (৩০) ও আবু সাঈদ ওরফে পারভেজ (২৫)।
র্যাব-১ এর সদস্যরা রোববার ভোরে রাজধানীর খিলক্ষেতের ডুমনীটেক পাড়ায় অভিযান চালিয়ে টাইমবোমা তৈরির বিপুল সরঞ্জাম, বিস্ফোরক এবং জিহাদী বইপত্রসহ আট জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে। এদের মধ্যে তিন জন দলের 'আত্মঘাতী শাখার' সদস্য বলে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসকে/২১৫৭ঘ.
bdnews24