ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিজ্ঞাসাবাদের জন্য যশোর থেকে ৫৭ জন, নওগাঁ থেকে ৩৩ জন এবং সাতক্ষীরা থেকে ১৩ জন বিডিআর জওয়ানকে রোববার ঢাকায় আনা হয়েছে।
২৫ ও ২৬ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তর ও বিভিন্ন ব্যাটালিয়নে বিদ্রোহের সময় পালিয়ে আসার পর এরা যশোর, নওগাঁ ও সাতক্ষীরায় রিপোর্ট করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যশোর প্রতিনিধি জানান, বিডিআর বিদ্রোহের পর দেশের বিভিন্ন ব্যাটালিয়ন থেকে পালিয়ে যশোর ঝুমঝুমপুর ২২ রাইফেলস ব্যাটালিয়নে যোগদানকারী ৫৭ বিডিআর জওয়ানকে সকালে পুলিশ প্রহরায় ঢাকা নেওয়া হয়।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভিডিও ফুটেজ ও বিডিআর সদস্যদের স্বীকারোক্তিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের ঢাকায় নেওয়া হয়েছে।
তিনি বলেন, বেলা ১১টার দিকে বিডিআর ক্যাম্প থেকে ৫৭ জন জোয়ানকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়। তবে তাদের গ্রেপ্তার দেখানো হয়নি।
বিডিআর ক্যাম্পের দায়িত্বে থাকা পুলিশের রিজার্ভ ইন্সপেকটর (আরআই) শিবুপদ জানান, সন্দেহভাজনের তালিকায় থাকা এ জওয়ানদের ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়।
সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) বশির আহমেদের নেতৃত্বে ৩০ জন পুলিশ তাদের সঙ্গে ছিলেন।
পিলখানার ঘটনার পর ৫৯ জন বিডিআর সদস্য যশোর যোগদান করেন। এদের মধ্যে আগে দু'জনকে ঢাকা নেওয়া হয়।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, পিলখানা বিডিআর বিদ্রোহের ঘটনায় সাতক্ষীরা ৪১ ব্যাটালিয়নে যোগদানকারী ১৩ জওয়ানকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে।
সাতক্ষীরা পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) আবু সুফিয়ান জানান, সাতক্ষীরার বিভিন্ন ব্যাটালিয়ন থেকে ১৫ জওয়ান এখানে যোগদান করেন। এদের মধ্যে দু'জনকে এর আগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য তাদের ঢাকা নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি।
নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর ৪৩ ও ৪৬ রাইফেলস ব্যাটালিয়ন দপ্তরে যোগ দেওয়া ৩৩ জন জওয়ানকে রোববার ভোরে ঢাকায় পাঠানো হয়েছে।
বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ ও সেনা কর্মকর্তাদের হত্যা ঘটনায় তারা পালিয়ে যান। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী এদের মধ্যে ১৯ জন নওগাঁ ৪৬ রাইফেলস ব্যাটালিয়ন এবং ১৪ জন ৪৩ রাইফেলস ব্যাটালিয়ন দপ্তরে যোগ দেন।
৪৩ রাইফেলস ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক মেজর আফতাব জানান, ৩৩ জওয়ানের মধ্যে একজন নার্স রয়েছেন। তার তত্ত্বাবধানে তাদেরকে পিলখানায় পাঠানো হয় বলে তিনি জানান।
মেজর আফতাব জানান, এসব জওয়ান ঢাকার সদর দপ্তরে কর্মরত ছিলেন সে কারণে তাদের সেখানে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে তিনি জানান।
বিডিআর জওয়ানদের বিদ্রোহে অর্ধশতাধিক সেনা কর্মকর্তা নিহত হন। এ ঘটনায় শনিবার পর্যন্ত এক হাজার ২৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৭ ঘ.
bdnews24