ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--তথ্য গোপন করার অভিযোগে লালবাগ 'সেভেন মার্ডার মামলার' আসামী আবদুল আজিজের জামিন আদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট।
রোববার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
গত বৃহষ্পতিবার আদালত আসামী আবদুল আজিজকে তিন মাসের জামিন দেয়। তার পক্ষে জামিন আবেদন পরিচালনা করেন অ্যাডভোকেট শেখ আতিয়ার।
ওইদিনই সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু আদালতকে জানান, তথ্য গোপন করে আবদুল আজিজ জামিন নিয়েছেন।
এ বিষয়ে মোতাহার হোসেন সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবদুল আজিজ সাত বছর কারাগারে রয়েছেন বলে তার জামিন নেওয়া হয়। কিন্তু আবদুল আজিজকে ২০০৩ সালের ১৫ নভেম্বর হাইকোর্ট জামিন দিয়েছিল। ২০০৪ সালের ২১ জানুয়ারি হাইকোর্ট সেই জামিন প্রত্যাহার করে তাকে আত্মসমর্পণ করতে বলে। এরপর ২০০৭ সালের ২০ মার্চ আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখে। ওই বছর ২৪ জুন তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে যান। এ সমস্ত বিষয় গোপন করে আবদুল আজিজের জামিন নেওয়া হয়েছে। আদালতকে এসব বিষয় অবহিত করা হয়েছে।
সাজু আরও বলেন, রোববার বিষয়টি আদালতের কার্যতালিকায় আসে। আদালত তার জামিন আবেদন চাইলে নথিতে তা পাওয়া যায়নি। পরে তার আইনজীবী শেখ আতিয়ার নতুন করে জামিনের আবেদন দায়ের করেন। এ বিষয়ে সোমবার আবার শুনানি অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২১০২ঘ.
bdnews24