ঢাকা এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদরঘাটে ঘাট শ্রমিক লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫জন আহত হয়েছেন। ঘাটের দখল নিয়ে সংঘর্ষ হয় বলে এক শ্রমিক দাবি করেন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকাল তিনটায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। চলে প্রায় একঘন্টা ধরে।
ঘাট শ্রমিক ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘাটের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সদরঘাটে জাতীয় ঘাট শ্রমিক লীগের সভাপতি জলিল হাওলাদার। কিন্তু কাঞ্চন মুন্সি তাকে সরিয়ে নিয়ন্ত্রণ নিতে চায়। শনিবার স্থানীয় এক নেতার সমাবেশে মিছিল নিয়ে যাবার সময় কাঞ্চন মুন্সির লোকজন বাধা দিলে সংঘর্ষ বাধে।"
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে উভয় পক্ষই লাঠি ব্যবহার ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় সদরঘাটের সব কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। আশেপাশের রাস্তায় সৃষ্টি হয় ব্যাপক যানজটের। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের কথা স্বীকার করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন বিকেলে বলেন, "এতে কয়েকজন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখনো কোন পক্ষই কোন অভিযোগ করেনি। তাই এখনো মামলা হয়নি।"
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, শনিবার স্থানীয় এক সাংসদের একটি সমাবেশে যাওয়ার জন্য দু'পক্ষই মিছিল বের করে। মিছিলে লোক সংগ্রহ করা নিয়ে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
আগে একত্রে কাজ করলেও কিছুদিন ধরে জলিল ও কাঞ্চনের মধ্যে বিরোধ চলে আসছে বলে জানিয়ে তিনি বলেন, এছাড়া ঘাটের কাজ থেকে শ্রমিক নেওয়ায় বাধা দিলে ইজারাদার দেলোয়ারের লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়েন।
গত কয়েকমাস ধরে সদরঘাটে ঘাট শ্রমিক লীগের মধ্যে কোন্দল চলছে। এর জের ধরে বেশ কয়েকবার সংঘর্ষও হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএইচ/টিআর/২২৫৬ ঘ.
bdnews24