মাদারীপুর, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা বাজারে শুক্রবার ভোররাতে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বসতবাড়ি।
আগুন নেভানোর সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারূক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত। আগুনে একটি কাপড়ের দোকান, একটি ক্রোকারিজের দোকান, রাইস মিলসহ চারটি দোকান এবং বাজার সংলগ্ন একটি বসতবাড়ির কিছু অংশ পুড়ে গেছে।
তিনি জানান, খবর পেয়ে মাদারীপুর ও বরিশালের গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন নেভানোর সময় রিপন কাজী (৩২), অসীম (২২) ও শহীদ খান (২৮) স্থানীয় ১০ ব্যক্তি আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে উপজেলা চেয়ারম্যান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৯ ঘ.
bdnews24