বাগেরহাট, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় এক যুবককে হত্যার অভিযোগে পাঁচ 'রাজাকারের' বিরুদ্ধে করা মামলাটি থানায় নথিভুক্ত (রেকর্ড) হয়েছে।
মঙ্গলবার বিকেলে মামলাটি নথিভুক্ত করা হয় বলে জানিয়েছেন মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।
উপজেলার ভাইজোড় গ্রামের শহীদ মোজাম্মেল আলী হাওলাদারের ভাই সেকেন্দার আলী হাওলাদার গত ৩০ মার্চ বাগেরহাটের অতিরিক্ত মূখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন।
হাকিম আব্দুস সালাম খান মামলাটি নথিভুক্ত করার জন্য থানাকে নির্দেশ দেন।
ওসি আলমগীর হোসেন জানান, মঙ্গলবার দুপুরে মামলার কাগজ হাতে পেয়েছেন তিনি। তবে আসামিদের কাউকে পুলিশ আটক করতে পারেনি বলে জানান তিনি।
মামলার আসামিরা হলেন- লুৎফর হাওলাদার (৬৫), মোসলেম ফরাজী (৭২), আব্দুল গণি হাওলাদার (৫৭), আফজাল মৃধা (৬৮) ও লিয়াকত সরদার (৫৮)। এদের বাড়ি মোড়েলগঞ্জ উপজেলার ডেউয়াতলা, ভাইজোড়, লক্ষ্মীখালী ও কালাচান্দের দাইড় গ্রামে।
মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার অভিযোগে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর আসামিরা মোজাম্মেলকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেন বলে মামলার এজাহারে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৮ ঘ.
bdnews24