জামালপুর, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম) - জামালপুর ও সিরাজগঞ্জে শুক্রবার গভীর রাতে কালবৈশাখী ঝড়ে চার শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। ঝড়ের সময় ঘর ও গাছ চাপা পড়ে আহত হয়েছেন অন্তত ৫০ জন।
এর মধ্যে সরিষাবাড়ি উপজেলায় ঝড়ে আটটি গ্রামের দুই শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে অসংখ্য গাছপালা। ঝড়ের সময় ঘর ও গাছ চাপায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অন্তত আটটি গ্রামের দুই শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২০টি শিক্ষা প্রতিষ্ঠান। ঝড়ে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
সরিষাবাড়িতে ঝড়ে লণ্ডভণ্ড গ্রামগুলো হল- বাউসী পঞ্চপীর, চন্দনপুর, মধ্যপাড়া, উত্তরপাড়া, ফুলদহ, ভেবলা, মহিষা ভাদুরিয়া ও পারপারা।
আহতদের মধ্যে আছেন- পঞ্চপীর গ্রামের ছালাম, বাদশা, হাকিম, মহসিন, আব্দুল হাই, নূর মোহাম্মদ, রাবেয়া, কল্পনা, শিউলি; চন্দনপুরের বাদল, আমিনুল, রনজু, চায়না, সেলিনা; মধ্যপাড়ার আফরোজা, সাজেদা, উসমান, ফুলদহের আমিনুর, সজল, বুলবুলি, ভেবলার মনোয়ারা, বিলকিস, উত্তরপাড়ার লায়লা, হাজেরা, পারপারার শান্তি, হোসেন খান, বিজলি, মাফি ও মহিষা ভাদুরিয়া গ্রামের শান্ত ও বেগম।
স্থানীয়রা জানান, ঝড়ে ঘরের টিন উড়ে গেছে। শনিবার সকালে ঝড়ে আহতদের চিকিৎসা দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি দল।
জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসানুল ইসলাম জানান, দুপুরে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। ছুটির দিন থাকায় আজ (শনিবার) ক্ষতিগ্রস্তদের সহায়তা করা যায়নি। তবে রোববার তাদের সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান।
সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বেগম জানান, তিনি অসুস্থ্য থাকায় ক্ষতিগ্রস্ত এলাকায় যেতে পারেননি। তবে ঝড় ও ক্ষয়ক্ষতির বিষয়টি তিনি জানতে পেরেছেন।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরুজ জামান জানান, পৌর এলকার পলাশবাড়ী, গান্ধাইল, শুভগাছা, তারাকান্দি, বরইতলী, নয়াপাড়া, তাঁতিপাড়া, সীমান্তবাজার গ্রামের ওপর দিয়ে রাত ১২টার দিকে কালবৈশাখী বয়ে যায়।
ঝড়ে বরইতলী উচ্চ বিদ্যালয়, তারাকান্দি উচ্চ বিদ্যালয়, সীমান্তবাজার মহিলা কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি জানান, বরইতলী গ্রামে বিধ্বস্ত ঘর চাপা পড়ে আহত হয়েছেন সাইফুল ইসলাম (৬২), তার স্ত্রী ফরিদা খাতুন (৫৫) ও মেয়ে রহিমা খাতুন (২৫)। আহতদের মধ্যে আরও আছেন- বরইতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রবিউল আওয়াল, আতাউর রহমান, সুলতান আহমেদ ও নৈশপ্রহরী শাহ জামাল।
সভার মেয়র জিএম তালুকদার জানান, পৌর এলাকার পলাশবাড়ী গ্রামের অন্তত ১২টি বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ঝড়ে ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৫ ঘ.
bdnews24