গোপালগঞ্জ, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী বছরের প্রথম দিকে পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
তিনি বলেন, "চলতি বছরের মধ্যেই পদ্মা সেতুর নকশার কাজ চুড়ান্ত হবে। এরপর দরপত্র আহবান করা হবে। নির্মাণ কাজ শেষ করা হবে ২০১৩ সালের মধ্যে।"
শনিবার দুপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের নবম জোন হিসাবে গোপালগঞ্জ জোন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, "সেতুটি নির্মাণে ব্যায় হবে ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে ১১ হাজার কোটি টাকার সংস্থান করা হয়েছে। ধাপে ধাপে সেতুটি বাস্তবায়িত হবে। সেজন্য দাতাদের কাছ থেকে বাদবাকি টাকাও পাওয়া যাবে।"
যোগামন্ত্রী বলেন, "তিন বছরের মধ্যে যে প্রতিষ্ঠান পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করতে পারবে সে প্রতিষ্ঠানকেই দায়িত্ব দেওয়া হবে।"
তিনি জানান, পদ্মা সেতুতে গ্যাস, বিদ্যুৎ ও ট্রেন লাইন সংযুক্ত হবে। সেতু থেকে মংলা বন্দর ও বরিশালে রেললাইন যাবে।
সৈয়দ আবুল হোসেন বলেন, "মহাজোট সরকার ক্ষমতায় আসার পর দেশের সুষম উন্নয়নে পরিকল্পনা নিয়েছে। নতুন নতুন সেতু ও মহাসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও যুগপোযোগী করতে ইতোমধ্যে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।"
বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের সচিব এ এস এম আলী কবির, সেতু বিভাগের সচিব এম এ আবু করিম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মুন্সী মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা ও আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের পরিচালক শেখ কবির হোসেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক এসএম আশফাক হুসেন পুলিশ সুপার মো. আব্দুল কুদ্দুছ আমীন মঞ্চে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সড়ক, সেতু নির্মাণ ও বিদ্যমান সড়ক, সেতু আধুনিকীকরণ বিষয়ে একটি ভিডিও চিত্র দেখানো হয়। ভিডিও চিত্রের ধারা বর্ণনা দেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মুন্সী মোস্তাফিজুর রহমান।
এর আগে বেলা সাড়ে ১১টায় যোগাযোগমন্ত্রী ফিতা কেটে ও ফলক উম্মোচন করে গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের জোন কার্যালয় উদ্বোধন করেন।
সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৯ ঘ.
bdnews24