২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ দুই তিন বছরের মধ্যে খাদ্যে উদ্বৃত্ত হতে পারে: খাদ্যমন্ত্রী

খাদ্য উৎপাদনের বর্তমান অবস্থা অব্যাহত থাকলে বাংলাদেশ আগামী দুই থেকে তিন বছরের মধ্যে খাদ্যে উদ্বৃত্ত দেশে পরিণত হবে। তবে সবকিছুই নির্ভর করছে প্রাকৃতিক অবস্থা ও উৎপাদনের ধারাবাহিকতার ওপর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2009, 01:31 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য উৎপাদনের বর্তমান অবস্থা অব্যাহত থাকলে বাংলাদেশ আগামী দুই থেকে তিন বছরের মধ্যে খাদ্যে উদ্বৃত্ত দেশে পরিণত হবে। তবে সবকিছুই নির্ভর করছে প্রাকৃতিক অবস্থা ও উৎপাদনের ধারাবাহিকতার ওপর। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক শনিবার বিকেলে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। খাদ্যমন্ত্রী এসময় বলেন, বোরো মৌসুমের মতো আমন মৌসুমেও ধান উৎপাদন হলে এ বছরই দেশে খাদ্য উদ্বৃত্ত থাকবে। তবে আমন মৌসুমে বন্যা দীর্ঘস্থায়ী হলে তা সম্ভব হবে না। সেক্ষেত্রে আবারো খাদ্য ঘাটতির সৃষ্টি হতে পারে বলে মনে করেন তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত ২৬ থেকে ৩১ মার্চ অনুষ্ঠিত জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ২৯তম সম্মেলনে যোগদান শেষে মন্ত্রী এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। খাদ্য মন্ত্রী ওই সম্মেলনে বাংলাদেশের চার সদস্যের প্রতিনিধি দলের প্রধান হিসেবে যোগ দেন। সংবাদ সম্মেলনে এফএও'র বাংলাদেশ প্রতিনিধি এড স্পাইকার্স ও প্রধান তথ্য কর্মকর্তা ইফতেখার হোসেনও উপস্থিত ছিলেন। পানি সমস্যার ওপর গুরুত্ব ব্যাংককের সম্মেলনে কৃষি উৎপাদনে পানি সমস্যার বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী জানান, এ নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে, জাতিসংঘ সব দেশের পানি পাওয়ার অধিকার নিশ্চিত করতে কাজ করবে। আবদুর রাজ্জাক বলেন, ভারত যেভাবে আন্তঃনদী সংযোগের মাধ্যমে পানি তুলে নিচ্ছে, তাতে এ সমস্যার সমাধান না হলে বাংলাদেশের কৃষি বিপর্যয়ের মুখে পড়বে। এ বিষয়ে আন্তর্জাতিক নীতি রয়েছে। ভারত একক সিদ্ধান্তে এভাবে পানি তুলে নিতে পারে না। মন্ত্রী জানান, ভারত পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছে। খাদ্যমন্ত্রী বলেন, আগামী নভেম্বরে এফএও'র একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্ব নেতৃবৃন্দ যোগ দেবেন। ওই সম্মেলনের প্রস্তুতি এবং প্রস্তাবনা চূড়ান্ত করতেই এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আবদুর রাজ্জাক জানান, বাংলাদেশ এ সম্মেলনে কৃষি উন্নয়নে বিশেষত ধান উৎপাদন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পশুসম্পদের উন্নয়ন, সামুদ্রিক মৎস্য আহরণ, ফল ও সব্জি চাষের উন্নয়নে সহযোগিতা চেয়েছে। মন্ত্রী সম্মেলনে যোগদানকালে থাইল্যান্ডের কৃষি ও সমবায় মন্ত্রী থেরা ওয়াংসামুথ এবং পাকিস্তানের খাদ্য ও কৃষিমন্ত্রী নজর মোহাম্মদ গোদালের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয়ে সহায়তা কামনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯১৪ঘ.