২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ দমনে পুলিশকে তৎপর থাকতে রাষ্ট্রপতির নির্দেশ

দেশের ভাবমূর্তি রক্ষায় জঙ্গিবাদ দমনে পুলিশ বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে বৃহস্পতিবার বঙ্গভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2009, 05:05 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ভাবমূর্তি রক্ষায় জঙ্গিবাদ দমনে পুলিশ বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে বৃহস্পতিবার বঙ্গভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, "জঙ্গিবাদ আজ সারা বিশ্বে মাথাচাড়া দিয়ে উঠেছে। এর প্রতিক্রিয়া থেকে আমরাও মুক্ত নই। জঙ্গিবাদ যাতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে না পারে সেজন্য আমাদের সদা তৎপর থাকতে হবে। এর বিরুদ্ধে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলনও।" তিনি বলেন, "নারী ও শিশু পাচার একটি জঘন্যতম অপরাধ। এর সঙ্গে জড়িত থাকে জাতীয় ও আন্তর্জাতিক অপরাধী চক্র। তাদের সমূলে উৎপাটন করতে হবে।" জনগণের জানমালের নিরাপত্তা, অভন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ তথা দুষ্টের দমন ও শিষ্টের পালনে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে জিল্লুর রহমান বলেন, তাই পুলিশ বাহিনীর সব সদস্যকে নানা ধরনের অপরাধ দমনে আধুনিক তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ হতে হবে। বাংলাদেশ পুলিশকে দেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করে তিনি বলেন, জনগণ বিপদে পড়লে আপনাদের শরণাপন্ন হয়, সাহায্য কামনা করে, প্রয়োজনে পরামর্শ চায়। বিপদে আপনাদের পরামর্শ তাদের আশ্বস্ত করে এবং শক্তি যোগায়। তাই আপনাদের আচার-আচরণ এমন হতে হবে যাতে সাধারণ মানুষ স্বতঃস্ফুর্তভাবে আপনাদের সহযোগিতা চাইতে পারে এবং আপনাদের বন্ধু হিসেবে ভাবতে পারে। নবম জাতীয় সংসদ এবং উপজেলা নির্বাচনসহ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে পুলিশ সদস্যরা বহির্বিশ্বেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। পুলিশের দার্য়িত্ব ও কর্তব্য নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানান রাষ্ট্রপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এএনএস/টিআর/এইচএ/২৩৪০ঘ.