২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ ও বরিশালে থানায় রিপোর্ট করেছেন সাত বিডিআর জওয়ান

সিরাজগঞ্জে তিন বিডিআর জওয়ান রোববার দুপুরে থানায় রিপোর্ট করেছেন। বরিশালে পুলিশ সুপার ও কোতয়ালি থানায় রিপোর্ট করেছেন চার বিডিআর সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2009, 12:18 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

সিরাজগঞ্জ, মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম)- সিরাজগঞ্জে তিন বিডিআর জওয়ান রোববার দুপুরে থানায় রিপোর্ট করেছেন। বরিশালে পুলিশ সুপার ও কোতয়ালি থানায় রিপোর্ট করেছেন চার বিডিআর সদস্য। শনিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেসনোটে বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহ ও অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে ছুটি ছাড়া অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত বিডিআর সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ ২৪ ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: সিরাজগঞ্জ: গত বুধবার রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় তিন বিডিআর সদস্য পালিয়ে সিরাজগঞ্জের বাড়িতে এসেছিলেন বলে জানান পুলিশ সুপার মো. আলমগীর রহমান। পুলিশ সুপার জানান, জেলার কামারখন্দ, সলঙ্গা ও তাড়াশ থানায় রিপোর্ট করেন এ তিনজন। এরা হলেন- কামারখন্দ উপজেলার শ্যামপুর গ্রামের আহসান আলীর ছেলে ২৪ রাইফেলস ব্যাটালিয়নের ল্যান্স নায়েক মোক্তার হোসেন, সলঙ্গার পাগলা দক্ষিণপাড়া গ্রামের শামছুল হক সরকারের ছেলে ৩৬ রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী আসাদুজ্জামান সরকার এবং তাড়াশের দোবিলা গ্রামের নুরুল আলমের ছেলে ১০ রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী ফারুক হোসেন। সিরাজগঞ্জ পুলিশের গোয়েন্দা সংস্থার পরিদর্শক আবুল কাশেম জানান, রিপোর্ট করার তিন বিডিআর জওয়ান পুলিশ হেফাজতে আছেন। রিপোর্ট করার বিষয়টি বিডিআর সদর দপ্তরে জানানো হয়েছে। তবে সেখান থেকে তারা এখন পর্যন্ত কোন নির্দেশনা পাননি। বরিশাল: বরিশাল পুলিশ সুপারের কার্যালয় ও কোতয়ালি থানায় রিপোর্ট করেছেন চার বিডিআর সদস্য। এরা হলেন- ইকরাম, আব্দুর রহিম, সহদেব চক্রবর্তী এবং রিয়াজুল ইসলাম। পুলিশ সুপার তওফিক মাহবুব চৌধুরী বলেন, ইকরাম এবং আব্দুর রহিম তার কার্যালয়ে উপস্থিত হয়ে রিপোর্ট করেছেন। তারা যথাক্রমে চট্রগ্রাম এবং জয়পুরহাটে কর্মরত ছিলেন। বরিশাল মেট্রেপলিটন পুলিশের সহকারী কমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, সহদেব চক্রবর্তী এবং রিয়াজুল ইসলাম নামের দুই বিডিআর সদস্য কোতয়ালি থানায় রিপোর্ট করেছেন। রিপোর্ট করা চার বিডিআর সদস্যকে আইনি প্রক্রিয়ায় খুলনায় বাংলাদেশ রাইফেলস এর সেক্টর সদর দপ্তরে পাঠানো হবে বলে পুলিশের ওই দুই কর্মকর্তা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে রোববার রাজধানীর বিডিআর সদর দপ্তরে হাজার হাজার জওয়ান রিপোর্ট করার জন্য আসেন। বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় নিহত ৬০ জনের বেশি কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। বিডিআর সদর দপ্তরের বিদ্রোহের ঘটনায় পরদিন বৃহস্পতিবার দেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়ন দপ্তরেও বিদ্রোহ ছড়িয়ে পড়ে। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৪ ঘ.