২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত

বিডিআর বিদ্রোহ মোকাবেলায় শেখ হাসিনার সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। রোববার সকালে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের পক্ষে শেখ হাসিনাকে টেলিফোন করে কথা বলেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2009, 11:23 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর বিদ্রোহ মোকাবেলায় শেখ হাসিনার সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। রোববার সকালে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের পক্ষে শেখ হাসিনাকে টেলিফোন করে কথা বলেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার। ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, "বাংলাদেশ ও তার জনগণ যখন বাংলাদেশ রাইফেল্স-এর বিদ্রোহ-পরবর্তী দুঃখজনক পরিস্থিতি মোকাবেলা করছে, তখন তাদের প্রতি অব্যাহত সমর্থন ব্যক্ত করতে এই টেলিফোন সংলাপ করলেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী। "এই ঘটনায় যারা বেঁচে গেছেন তাদের সহায়তা করতে, যারা নিহত হয়েছেন তাদের প্রতি সম্মান দেখাতে এবং সংশ্লিষ্ট অপরাধীদের বিচারের সম্মুখীন করতে তিনি সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন।" এ সময় বাউচার এই সংকটকালে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করেন এবং জাতীয় দুঃসময় কাটিয়ে উঠতে সব বাংলাদেশিকে একত্রে কাজ করার আহবান জানান। সংকট মোকাবেলায় তিনি সরকার ও বিরোধী দলের সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেন। বাউচার বাংলাদেশ সরকারের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের সম্ভাব্য সব সহযোগিতা প্রদানের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। এদিকে, যুক্তরাষ্ট্র প্যাসিফিক কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল টিমোথি কেটিং বিডিআর বিদ্রোহে নিহতদের জন্য শোক জানাতে শনিবার সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উদ্দিন আহমেদকে চিঠি দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি এই সংকটকালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সমর্থনে সেনাবাহিনীর নেতৃত্বের প্রশংসা জানিয়ে শনিবার সেনাপ্রধানের সঙ্গে কথা বলেন। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিডিআর বিদ্রোহে যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে তাদের ও বাংলাদেশের জনগণের প্রতি শোক জানিয়ে ঢাকায় মার্কিন দূতাবাসে তিনদিনের শোক পালন করা হচ্ছে। বিডিনিউজ ২৪ ডটকম/কেআরসি/এজে/জিএনএ/১৭৩২ ঘ.