ভোলা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম) - ভোলার চরফ্যাশন উপজেলায় রোববার এক অপ্রকৃতিস্থ যুবক কুড়াল দিয়ে কুপিয়ে পাঁচ শিশুকে হত্যা করেছে।
তার কুড়ালের কোপে আরো কয়েকজন আহত হয়।
চরফ্যাশনের জিন্নাগড় গ্রামের ওই যুবক বাহারকে (২৫) 'ফকির' মাকছুদের বাড়িতে চিকিৎসার জন্য আনার পর সে এ ঘটনা ঘটায় বলে জিন্নাগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান।
ইউপি চেয়ারম্যান কাজী মঞ্জুর পাঁচজনের মৃত্যু খবর নিশ্চিত করলেও চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেছেন, তিন শিশু মারা গেছে। তবে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো দুজনের মৃত্যুর কথা শোনার কথা জানান তিনি।
নিহতরা হল- ফকির মাছুদের ছেলে শামীম (৬), প্রতিবেশি মুনিয়া (৭), ইমন (৫), সাগর (১০) ও তামান্না (৭)।
আহতদের মধ্যে বাপ্পী (১০), মরিয়ম (৩৫), আমেনা (৫০), আনোয়ারা (৪০) ও আব্দুর রহমানকে (২৫) বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান কাজী মঞ্জুর জানান, দুপুরে স্থানীয় অপ্রকৃতিস্থ যুবক বাহারকে (২৫) তার মা ফকির 'মাকছুদ ল্যাংটার' বাড়িতে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এক পর্যায়ে বাহার হঠাৎ ছুটে গিয়ে ফকির মাকছুদের ঘরে ঢুকে কুড়াল নিয়ে বাড়ির সবাইকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।
চরফ্যাশন থানার ওসি শহিদুল ইসলাম জানান, বাহারকে আটক করা হয়েছে।
এ ঘটনায় রাত ৮টা পর্যন্ত থানায় মামলা হয়নি।
ঘটনাস্থলে পুলিশের একটি দল মোতায়েন রয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসকে/২২৪৪ঘ.
bdnews24