ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণে প্রথমবারের মতো জাতিসংঘ আইনের অধীনে একটি 'ন্যায্য সমাধানে' সম্মত হয়েছে ভারত।
ঢাকায় এক সরকারি কর্মকর্তা রোববার একথা জানিয়েছেন।
অতিরিক্ত পররাষ্ট্র সচিব এমএকে মাহমুদ তার কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতিসংঘ সমুদ্র আইনের (আনক্লজ) ৭৪ ও ৮৩ ধারা অনুযায়ী দুই দেশের সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে প্রথমবারের মতো রাজি হয়েছে ভারত।"
নয়াদিল্লিতে সদ্য সমাপ্ত সমুদ্রসীমা নির্ধারণ বিষয়ক দ্বাদশ দ্বিপক্ষীয় বৈঠকে যোগদানের পর ঢাকায় ফিরে কর্মকর্তাটি একথা জানালেন। বৈঠকে তিনি ১১ সদস্যের বাংলাদেশী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
এমএকে মাহমুদ বলেন, সমুদ্রসীমা নির্ধারণে দু'দেশের মধ্যে এর আগে অনুষ্ঠিত ১১টি বৈঠকে উভয়পক্ষেরই স্বার্থ রক্ষিত হয় এমন 'ন্যায্য' সমাধানে ভারত কখনো রাজি হয়নি।
দুই দেশের মধ্যে কিছু মতপার্থক্য এখনো রয়ে গেছে জানিয়ে তিনি বলেন, "তবে ব্যবধান কমে আসছে।"
"উভয়পক্ষ এখন নিজেদের আগের থেকে বেশি বুঝতে পারছে।"
দু'দেশের মধ্যে সমুদ্রসীমা নির্ধারণ নিয়ে ২৪ বছর পর গত সেপ্টেম্বর থেকে আবার আলোচনা শুরু হয়েছে। সীমান্তের হাড়িয়াভাঙ্গা নদীর মাঝসীমা নির্ধারণ নিয়ে দুই পক্ষের ভিন্নমতের কারণে সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হয়।
বাংলাদেশ চাইছে নদীর পশ্চিম পাশ থেকে সীমান্ত ধরে মাঝসীমা নির্ধারণ করতে কিন্তু ভারতের দাবি পূর্ব পাড় থেকে তা করতে হবে।
তবে দু'দেশই চাইছে বিতর্ক সত্ত্বেও আলোচনা চালিয়ে যেতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এসকে/২২৩৭ঘ.
bdnews24