২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখতার হামিদের মুক্তির দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার বিএনপি নেতা আখতার হামিদ সিদ্দিকীকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে রোববার স্থানীয় বিএনপি মিছিল ও সমাবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2009, 06:21 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

নওগাঁ, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার বিএনপি নেতা আখতার হামিদ সিদ্দিকীকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে রোববার স্থানীয় বিএনপি মিছিল ও সমাবেশ করেছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সকালে প্রতিবাদ সভা, বিকেলে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল এবং মহাদেবপুরে থানা বিএনপি বিক্ষোভ সমাবেশ করে। সকালে জেলা বার সমিতি চত্বরে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সুলতান মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অ্যাডভোকেট মোতালেব হোসেন, অ্যাডভোকেট এজেডএম রফিকুল আলম, অ্যাডভোকেট হাফিজুর রহমান বুলবুল প্রমুখ বক্তব্য দেন। তারা দাবি করেন, সাবেক ডেপুটি স্পিকার পুলিশকে কোনো প্রকার হুমকি দেননি বা রাষ্ট্রবিরোধী কোনো কিছু বলেননি। রাজনৈতিক দমন-পীড়নের অংশ হিসেবে সরকারের বিশেষ মহলের ইঙ্গিতে সাজানো জিডি দিয়ে তাকে হয়রানিমূলক গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা। তারা অবিলম্বে আখতার হামিদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। এছাড়া বিকেল ৫টায় নওগাঁ জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ছিলেন সাবেক সাংসদ ডা. সালেক চৌধুরী, জেলা বিএনপি সভাপতি জালাল আহম্মেদ বকুল, সাধারণ সম্পাদক নাজমুল হক সনি, জেলা যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। আখতার হামিদ সিদ্দিকীর নির্বাচনী এলাকা মহাদেবপুর বাসস্ট্যান্ডে বিকেলে এক সভায় তার নিঃশর্ত মুক্তি এবং মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস ফকিরের অপসারণ দাবি করে থানা বিএনপি। রাষ্ট্রবিরোধী বক্তব্য ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে গোয়েন্দা পুলিশ শনিবার বিকেলে সাবেক ডেপুটি স্পিকারকে মহাদেবপুরের বাসভবন থেকে গ্রেপ্তার করে। রাতে তাকে এক মাসের আটকাদেশ দিয়ে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৫৫ঘ.