ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম ওয়াজেদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, রোববার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওয়াজেদ মিয়া সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
সঙ্গে তার চিকিৎসকরা রয়েছেন।
পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা 'থরো চেকআপ'র জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ওয়াজেদ মিয়া হৃদরোগ, শ্বাসকষ্ট ও কিডনির সমস্যায় ভুগছেন। এই অবস্থায় তাকে মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে রোববার দিনের বেলা স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, ওয়াজেদ মিয়াকে যে অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তিনি এখন তার চেয়ে অনেক ভালো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কিউএইচ/জিএনএ/এইচএ/০১১৪ঘ.
bdnews24