বাগেরহাট, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া ফাঁড়ির ময়নার খাল এলাকায় বাঘের আক্রমণে এক বাওয়ালীর মৃত্যু হয়েছে।
নিহত কালাম শেখের (৪৫) বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনির ঘোল এলাকায়।
রোববার বিকেলে গোলপাতা কাটার সময় তাকে বাঘে নিয়ে যায়। সোমবার সকালে বনকর্মীরা বনের ভেতর থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, বাওয়ালী কালাম শেখ ও তার কয়েক সহোযোগী রোববার সুন্দরবনে গোলপাতা আহরণে যান। বিকেলে গোলপাতা কাটার সময় তাকে বাঘে ধরে নিয়ে যায়। তাম্বুলবুনিয়া ক্যাম্পের বনকর্মীরা রোববার সন্ধ্যা পর্যন্ত জঙ্গলের ভেতর খুঁজে তাকে পায়নি। সোমবার সকালে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24