ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিভিন্ন কারণে ব্রাক্ষ্মণবড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া চারটি ইউনিটের মধ্যে মঙ্গলবার দুটি ইউনিট চালু হয়েছে।
দুপুর ২টার দিকে চালু হয় ৬৪ মেগাওয়াট ক্ষমতার ১ নম্বর ইউনিট। ৪০ মেগাওয়াটের জিটি-২ ইউনিটটি চালু হয় বিকেল ৫টার দিকে।
ফলে বিকেল ৫টার পর জাতীয় গ্রিডে ১০৪ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল খালেক।
তিনি জানান, যান্ত্রিক ত্র"টির কারণে ১ নম্বর ইউনিটটি বন্ধ করা হয়েছিল ১৯ মার্চ। জিটি-২ ইউনিটটিও একই কারণে সোমবার রাত সাড়ে ১২টায় বন্ধ করে দেওয়া হয়েছিল।
এমডি জানান, ৪০ মেগাওয়াটের জিটি-১ এবং ১৭ মেগাওয়াটের এসটি ইউনিটটি রক্ষণাবেক্ষণ (ওভারহোলিং) কাজের জন্য গত ৬ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছে। ইউনিট দুটি চালু করতে আরও এক মাস লাগতে পারে বলে তিনি জানান।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের আটটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ৭২৪ মেগাওয়াট। তবে এ কেন্দ্রটি থেকে বর্তমানে সর্বোচ্চ ৬৫৮ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায় বলে এমডি আব্দুল খালেক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৪ ঘ.
bdnews24