২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষমেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে চলছে ছাত্রলীগ

কাগজে কলমে গঠনতন্ত্র থাকলেও বাস্তবে প্রয়োগ নেই। কেন্দ্রীয় সংসদ থেকে দেশব্যাপী সংগঠনের কমিটিগুলোর মেয়াদ পার হয়ে গেলেও সেসব দিয়েই চলছে এর 'কার্যক্রম'। এমন পরিস্থিতিতে উপকোন্দল আর অন্য ছাত্রসংগঠনগুলোর সঙ্গে সংঘর্ষে কেন্দ্রীয় সংসদ থেকে শুরু করে দেশব্যাপী বেসামাল সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ। বিস্তারিত জানাচ্ছেন মোশতাক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 08:56 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গঠনতন্ত্র লঙ্ঘন করে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগের কার্যক্রম। কাগজে কলমে ছাত্র সংগঠন হলেও অনেক নেতারই নেই ছাত্রত্ব। এদের মধ্যে কেউ কেউ সংসার আর নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সংসদ থেকে শুরু করে দেশব্যাপী একপ্রকার বেহাল অবস্থা চলছে এই সংগঠনে। বিস্তারিত জানাচ্ছেন মোশতাক আহমেদ। ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন "গত দুই বছর দেশে জরুরি অবস্থা ছিল। মিথ্যা অভিযোগে আমাকেও কারাগারে আটকে রাখা হয়। এসব কারণে সাংগঠনিক কাজ করা সম্ভব হয়নি। তবে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো শিগগিরই নতুন করে করা হবে। ইতোমধ্যে ৩০ মার্চ লালমনিরহাট জেলার সম্মেলনের জন্য সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। পর্যায়ক্রমে মেয়াদোত্তীর্ণ সবগুলো কমিটিই গঠন করা হবে।" ছাত্রলীগের গঠনতন্ত্র পর্যালোচনা করে দেখা যায়, গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলন না হলে কমিটির কার্যকারিতা লোপ কিংবা বিলুপ্ত হবে। ছাত্রলীগের বর্তমান কমিটি গঠন হয়েছিল ২০০৬ সালের এপ্রিল মাসে সরাসরি ভোটের মাধ্যমে। সরাসরি নির্বাচন হলেও তার আগের কমিটির সভাপতি লিয়াকত সিকদার ভোটারদের প্রভাবিত করেছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। এ কেন্দ্রীয় সংসদের মেয়াদ গত বছরের এপ্রিল মাসেই শেষ হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, ২০১ সদস্যের সমন্বয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ গঠনের কথা থাকলেও বর্তমান কমিটিতে সদস্য সংখ্যা তিন শতাধিক। ছাত্রলীগের এক নেতা জানান, গঠনতন্ত্র অনুযায়ী অনুর্ধ্ব ২৭ বছর বয়সী শিক্ষার্থীরা ছাত্রলীগের সদস্য হওয়ার কথা। বর্তমান কমিটি গঠনের সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বয়স্কদের বাদ দিয়ে ২৯ বছর বয়সীদের মধ্যে থেকে নেতা বানানোর সিদ্ধান্ত নেন। সেই হিসেবে রিপন-রোটন অনেকটা অপ্রত্যাশিত ভাবে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে এই দুই নেতাসহ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের অনেক নেতার বয়স ২৯ পেরিয়ে ৩০ থেকে ৩১। আর জেলা কমিটির বেশির ভাগর নেতার বয়স পয়ত্রিশোর্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ছাত্রলীগের সাংগঠনিক কমিটিতে চলছে এক প্রকার স্থবিরতা। ৮৭টি সাংগঠনিক জেলার মেয়াদও শেষ হয়েছে অনেক আগে। ২০০২ সালের কিছু আগে-পরে জেলা কমিটিগুলো করার পর নতুন করে আর কমিটি হয়নি। অথচ ছাত্রলীগের জেলা শাখার মেয়াদ এক বছর। গঠনতন্ত্র অনুযায়ী, "নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে আহ্বায়ক বা এডহক কমিটি বাতিল বলে গণ্য হবে এবং কেন্দ্রীয় সংসদের সরাসরি তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হবে।" এসব নিয়ম তোয়াক্কা না করে গঠনতন্ত্র লঙ্ঘন করে বছরের পর বছর ধরে চলছে জেলা কমিটিগুলো। জেলা কমিটির নেতাদের অনেকেরই ছাত্রত্ব নেই। কেউ কেউ ছাত্রলীগের পাশাপাশি জেলা আওয়ামী লীগের রাজনীতিতেও জড়িয়ে পড়েছেন। নতুন কমিটি না হওয়ায় পদও ছাড়তে পারছেন না। ঢাকা মহানগর (দক্ষিণ) এর সভাপতি মামুনুর রশীদ শুভ্র, ঢাকা মহানগর (উত্তর) এর সাধারণ সম্পাদক তাসবিরুল হক অনু, সিলেট মহানগরের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, যুগ্ম আহ্বায়ক রঞ্জিত সরকার, আব্দুর রকিব বাবলু, ইলিয়াসুর রহমান, সিলেট জেলা কমিটির সভাপতি জগলুল চৌধুরী, কুমিল্লা জেলা কমিটির সভাপতি কবিরুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠুসহ এমন অনেকেই আছেন যারা ছাত্রত্ব বাদ দিয়ে ব্যবসা কিংবা চাকুরি করছেন। ছাত্রলীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়াদও শেষ হয়েছে। কেন্দ্রীয় সম্মেলনে পর একই বছরের (২০০৬) শেষ দিকে সোহেল রানা টিপুকে সভাপতি ও সাজ্জাদ সাকিব বাদশাকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি করা হয়। সর্বশেষ ২০০২ সালে বিশ্ববিদ্যালয়ের হল কমিটিগুলো করার পর আর কমিটি হয়নি। বর্তমান কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদধারী অনেক নেতা একাধারে হলের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। হল কমিটিগুলো নিয়মিতভাবে না হওয়ায় সোহেল রানা টিপু ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির পাশাপাশি এখনো কবি জসীমউদদীন হল শাখার সাধারণ সম্পাদক রয়ে গেছেন। একই ভাবে কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন ফজলুল হক হলের সভাপতি, রিপন পোদ্দার জগন্নাথ হলের সাধারণ সম্পাদক, ইকবাল মাহমুদ বাবলু জহুরুল হক হলের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল ফজলুল হক হলের সাধারণ সম্পাদক রয়ে গেছেন। এ রকম ভাবে আরও বেশ কয়েকজন নেতা একাধারে দুইটি পদে রয়ে গেছেন। অথচ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী একই নেতা একইসঙ্গে একাধিক পদে থাকতে পারেন না। এ বিষয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা টিপু বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খুব শিগগিরই ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের দিয়ে হল কমিটিগুলো গঠন করা হবে।" এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগে। ২০০২ সালে করা এই কমিটির মেয়াদ হিসেব অনুযায়ী ২০০৩ সালেই শেষ হওয়ার কথা। কিন্তু মেয়াদোত্তীর্ণ কমিটির নেতারাই চালাচ্ছেন গুরুত্বপূর্ণ এই দুই শাখা। এর মধ্যে দুই শাখার দুইজন শীর্ষ নেতা এখন ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়েছেন। এছাড়া দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার কবির একাধারে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। নগর (উত্তর) শাখার সভাপতি ইসহাক মিয়াও অনেকটা নিস্ক্রিয়। সাংগঠনিক বিশৃঙ্খলার কারণে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর ছাত্রলীগ কিছুটা বেপরোয়া হয়ে পড়ে মনে করছেন পুরোনো ছাত্রলীগ নেতারা। দলীয় কোন্দলের পাশাপাশি কেউ কেউ আবার চাঁদাবাজি-টেন্ডারবাজিতেও জড়িয়ে পড়েছেন। এছাড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে। সর্বশেষ গত শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের সংঘর্ষে এক শিবির নেতা মারা যায়। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ভঙের কারণে কমিটি বিলুপ্ত করা হলেও বিলুপ্ত কমিটির নেতা-কর্মীরাই নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ছেন। বিলুপ্ত কমিটির সোহেল পারভেজকে সভাপতি ও মাহমুদ নাসের জনিকে সাধারণ সম্পাদক করে গত ২০০৬ সালের শুরু দিকে কমিটি গঠন করা হয়। মেয়াদোত্তীর্ণ এই কমিটির নেতারা সরকার পরিবর্তনের পর বেপরোয়া হয়ে পড়ে। গত মাসে সভাপতি ও সাধারণ সম্পাদক গ্র"প এবং আজিবুর-অয়ন গ্র"পের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রথমে এক মাস কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। কিন্তু এ দু'টো গ্র"পের মধ্যে আবারও সংঘর্ষ হলে কমিটি বিলুপ্ত করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি গঠন হয়েছিল ২০০৪ সালে। বর্তমান কমিটির সভাপতি কাজী মাজহার একই সঙ্গে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। অবশ্য সেখানে এখন কাজী মাজহার সময় দিতে না পারায় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয় কমিটির সহ-সভাপতি আবুল মনসুর জামসেদ। যিনি একাধারে কেন্দ্রীয় কমিটির সদস্য। সাধারণ সম্পাদক হিসেবে আছেন এরশাদ হোসেন। এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্র"প প্রকাশ্যেই কার্যক্রম চালায়। এরমধ্যে ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বাধীন কমিটি সাবেক ছাত্রনেতা আজম নাসির গ্র"প নামে পরিচিত। অন্যদিকে এরশাদ হোসেনের নেতৃত্বাধীন গ্র"প মেয়র ( মহিউদ্দিন চৌধুরী) গ্র"প হিসেবে পরিচিত। গ্র"পটি বিশ্ববিদ্যালয়ে ভিসি গ্র"প বলেও পরিচিত। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠন হয় ২০০৩ সালের ২৭ মার্চ। ছয় বছরে এই শাখার নতুন কোন কমিটি হয়নি। সেই কমিটির প্রথম সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু ও আরো দুয়েকজন সদস্য ছাড়া প্রায় সবাই পাস করে বের হয়ে গেছেন অনেক আগেই। এ অবস্থায় নীতি-নির্ধারক শূন্য কমিটি বিভক্ত হয়ে পড়েছে ৭-৮টি উপদলে। এমনি পরিস্থিতিতে ছাত্রলীগের মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা কেন্দ্রীয়সহ নতুন করে সব কমিটি গঠনের দাবি তুলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সম্পাদক পর্যায়ের এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগের সম্মেলন এখন সময়ের দাবি। নতুন করে কমিটি না হলে সংগঠনের চেইন অব কমান্ড ঠিক রাখা যাবে না।" তিনি আরও বলেন, "ক্রাইসিস মুহূর্তে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে যোগ্য নেতাদের দিয়ে নতুন কমিটি গঠন করতে হবে।" প্রসঙ্গত কিছুদিন আগে পল্টন ময়দানে ছাত্রলীগের পুনর্মিলণীতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগশিগরই ছাত্রলীগের সম্মেলন করা হবে বলে ঘোষণা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/জিএনএ/১৪৫১ ঘ.