ঢাকা, ২৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়া সরকার বেসরকারি সংস্থা ব্র্যাকের মাধ্যমে বাংলাদেশের মৌলিক শিক্ষা খাতে সহায়তা দেবে।
রাজধানীর বাড্ডায় ব্র্যাকের দু'টি স্কুল পরিদর্শন শেষে অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধি দল সোমবার একথা জানায় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
ঢাকাস্থ অস্ট্রেলিয়ার নতুন হাই-কমিশনার জাস্টিন লি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
সদস্যদের মধ্যে ছিলেন অস এইডের কর্মকর্তা অক্টাভিয়া বোর্থউইক, ইলেইন ওয়ার্ড, মার্ক বেইলি প্রমূখ।
প্রতিনিধি দলের সদস্যরা দু'টি স্কুল পরিদর্শন করেন। এ সময় স্কুলের শিক্ষক ও ছাত্ররা লেখাপড়া শেখার বিভিন্ন কলাকৌশল তাদের দেখায়।
প্রতিনিধি দলের সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে নানা বিষয় নিয়ে কথাবার্তা বলেন। তারা নাচ-গানের মাধ্যমে শিক্ষার বিভিন্ন ধরনের কৌশল দেখে সন্তোষ প্রকাশ করেন।
হাইকমিশনার শিক্ষার্থীদের ভবিষ্যত জীবন ও তাদের পরিবারের জন্য শিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
প্রতিনিধি দলের সদস্যরা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য ব্র্যাকের সফল উদ্যোগের প্রশংসা করেন।
স্কুল পরিদর্শনের পর প্রতিনিধি দলের সদস্যরা ব্র্যাক প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন ফজলে হাসান আবেদ, নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেনসহ অন্যান্য কর্মকর্তার সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
তারা বর্তমান ও ভবিষ্যত সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২১২ ঘ.
bdnews24