ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নের ফলে গত পাঁচ বছরে দেশে সাত হাজার ছয়শ' ৮০ কোটি টাকা সমমূল্যের প্রায় তিন লাখ ৮৪ হাজার মেট্রিক টন ইলিশের অতিরিক্ত উৎপাদন হয়েছে।
বর্তমানে ইলিশের উৎপাদন দুই লাখ ৯০ হাজার মেট্রিক টনে উন্নীত হয়েছে। পাঁচ বছর আগে এর পরিমাণ ছিল এক লাখ ৯৯ হাজার মেট্রিক টন।
রোববার শুরু হতে যাওয়া জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০০৯ উপলক্ষে শনিবার মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এ তথ্য জানান।
এ সময় মৎস্য ও পশুসম্পদ সচিব শাহ আলম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক রফিকুল ইসলাম, মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. এমজি হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল সারাদেশে ষষ্ঠবারের মতো জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে।
সরকার ২০০৩-০৪ অর্থবছর থেকে দেশের বিভিন্ন নদ-নদী ও সমুদ্র্রে জাটকা সংরক্ষণ কর্মসূচি শুরু করে।
লতিফ বিশ্বাস জানান, এ কর্মসূচি শুরুর আগে ২০০২-০৩ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল এক লাখ ৯৯ হাজার মেট্রিক টন। পাঁচ বছরে কর্মসূচির সফল বাস্তবায়নের ফলে ইলিশ উৎপাদন ২০০৭-০৮ সনে বেড়ে দাঁড়ায় দুই লাখ ৯০ লক্ষ মেট্রিক টন।
এ কর্মসূচির সফল বাস্তবায়ন সম্ভব হলে প্রতি বছর ইলিশের উৎপাদন তিন লাখ মেট্রিক টনে উন্নীত হবে এবং তা অব্যাহত রাখা যাবে বলে বলেন তিনি।
মন্ত্রী জানান, একক প্রজাতি হিসেবে ইলিশ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদ। দেশে উৎপাদিত ও আহরিত মোট মাছের মধ্যে ইলিশের অবদান শতকরা ১২ ভাগ। জিডিপিতে এর অবদান শতকরা এক ভাগ। সারা বিশ্বে আহরিত ইলিশের মধ্যে বাংলাদেশেই আহরিত হয় শতকরা ৬০ ভাগ।
তিনি বলেন, "দেশের প্রায় পাঁচ লাখ জেলে এতে প্রত্যক্ষভাবে জড়িত। ইলিশ ধরা ছাড়াও পরিবহন, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ ও বিদেশে রপ্তানিসহ বিভিন্ন কাজে প্রায় ২০ লাখ মানুষ জড়িত।"
জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০০৯ বাস্তবায়ন প্রসঙ্গে লতিফ বিশ্বাস জানান, মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ১৯৫০ সাল থেকে জাটকা ধরা নিষিদ্ধ থাকলেও অতীতে আইনটি কার্যকরভাবে বাস্তবায়ন হয়নি। বর্তমানে আইনটি কার্যকরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। জাটকা সংরক্ষণ কর্মসূচিতে ২০টি জেলা ও ৯১টি উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইন বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর, প্রশাসন, পুলিশ, নৌ বহিনী, কোস্ট গার্ড ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে।
মন্ত্রী জানান, জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় ২০০৪-০৫ অর্থবছর থেকে মৎস্যজীবীদের পুনর্বাসন কার্যক্রম চালু হয়েছে। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুসরণ করে বিকল্প কর্মসংস্থানকে অগ্রাধিকারের ভিত্তিতে কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
২০০৭-০৮ অর্থবছরে এ খাতে ১১টি জেলায় বরাদ্দ ছিল দুই কোটি টাকা। এতে সুফল ভোগ করে ১৬ হাজার ৯৮৫ জন। এ বছর রাজস্ব বাজেটের অধীনে ১০ জেলার ৫৯ উপজেলায় জাটকা আহরণকারী মৎস্যজীবীদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে বলেও জানান তিনি।
কর্মসূচিভুক্ত জেলাগুলো হচ্ছে- চাঁদপুর, লক্ষ্মীপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, শরীয়তপুর ও মুন্সিগঞ্জ। এছাড়া 'মাচ্' প্রকল্পের মাধ্যমে দুই কোটি টাকা ব্যয়ে জাটকা আহরণকারী মৎস্যজীবীদের পুনর্বাসনের লক্ষ্যে তিন বছর মেয়াদী ক্ষুদ্রঋণ কর্মসূচি চালু করা হয়েছে।
মন্ত্রী জানান, মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইলিশের অভিপ্রায়ন, প্রজনন, বিচরণ ক্ষেত্র এবং ইলিশ উৎপাদনে জাটকার গুরুত্ব বিষয়ে গবেষণা করছে। গবেষণার ফলাফল প্রয়োগ করে জাটকা নিধন রোধ সময়সূচি নির্ধারণ, অভয়াশ্রম প্রতিষ্ঠা এবং ভরা প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এ কর্মসূচির আওতায় চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনার নিম্ন অববাহিকার ১০০ কিলোমিটার, ভোলার মদনপুর চর ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনার শাহবাজপুর শাখা নদীর ৯০ কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এবং পটুয়াখালীর কলাপাড়া পর্যন্ত আন্ধারমানিক নদীর ৪০ কিলোমিটার নিয়ে মোট ৩৩০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।
লতিফ বিশ্বাস জানান, ইলিশ অভয়াশ্রম সংশ্লিষ্ট জেলার সংখ্যা ৪টি (চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা ও পটুয়াখালী) এবং উপজেলার সংখ্যা ২০টি। এর মধ্যে চাঁদপুর, লক্ষ্মীপুর এবং ভোলা জেলার অভয়াশ্রমের ক্ষেত্রে মার্চ-এপ্রিল এবং পটুয়াখালীর ক্ষেত্রে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ইলিশসহ অন্যান্য মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/১৪২৭ ঘ.
bdnews24