২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপ-সচিব পর্যায়ের ১৩ কর্মকর্তা ও দুই এসপি পদে রদবদল

জনপ্রশাসনের উপ-সচিব পর্যায়ের ১৩ কর্মকর্তা ও পুলিশের দুই সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। ১৩ জন উপ-সচিবই এর আগে জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব পালন করেন। গত ১৬ মার্চ তাদের প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এরপর রোববারই তাদের নতুন করে পদায়ন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 04:48 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের উপ-সচিব পর্যায়ের ১৩ কর্মকর্তা ও পুলিশের দুই সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। ১৩ জন উপ-সচিবই এর আগে জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব পালন করেন। গত ১৬ মার্চ তাদের প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এরপর রোববারই তাদের নতুন করে পদায়ন করা হয়েছে। সংস্থাপন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক পৃথক আদেশে রোববার এসব রদবদল করা হয়। দুই পুলিশ সুপারের মধ্যে সিআইডি'র বিশেষ সুপার (এসএস) ভানুলাল দাসকে কিশোরগঞ্জের এসপি এবং কিশোরগঞ্জের এসপি ফারুক আহমেদকে ময়মনসিংহের এসপি হিসেবে বদলি করা হয়েছে। সাবেক জেলা প্রশাসকদের মধ্যে বরগুনার মোহাম্মদ সাফায়েত হোসেনকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, দিনাজপুরের মোহাম্মদ নবিউল হক মোল্লাকে শিল্প মন্ত্রণালয়ে, নেত্রকোনার মোফাজ্জেল হোসেনকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে, রাঙামাটির নুরুল আমিনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এবং মুন্সিগঞ্জের মাহবুব উল আলমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়। এছাড়া ময়মনসিংহের জিয়াউর রহমান খানকে সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণ ও সংস্কার প্রকল্পের প্রকল্প পরিচালক, নোয়াখালীর আব্দুল হককে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সচিব, চট্টগ্রামের আশরাফ শামীমকে বিনিয়োগ বোর্ডের পরিচালক, নারায়ণগঞ্জের এএমএ রহমানকে বিআরটিএ'র পরিচালক, ফরিদপুরের আক্তারুজ্জামান মো. মোস্তফা কামালকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক, ফেনীর সাইফুল্লাহ মকবুল মোর্শেদকে জাতীয় সংসদ সচিবালয়ের উপ-সচিব, বরিশালের মুশফিক আহমেদ শামীমকে শিল্পকলা একাডেমীর পরিচালক এবং পিরোজপুরের তাজুল ইসলামকে শিশু একাডেমীর পরিচালক হিসেবে প্রেষণে পদায়ন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২২৩৮ঘ.