২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে উপ-নির্বাচনে দু'জনের মনোনয়নপত্র জমা

জাতীয় সংসদে কুড়িগ্রাম-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন মনোনীত দুই প্রার্থী সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 06:03 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

কুড়িগ্রাম, মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম) - জাতীয় সংসদে কুড়িগ্রাম-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন মনোনীত দুই প্রার্থী সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী এবং ইসলামী আন্দোলনের মোস্তাফিজুর রহমান। বিকেল ৪টার দিকে মো. জাফর আলী জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদারের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা তার সঙ্গে ছিলেন। এরপরই মনোনয়নপত্র দাখিল করেন ইসলামী আন্দোলনের মোস্তাফিজুর রহমান। দলের কয়েকজন নেতা তার সঙ্গে উপস্থিত ছিলেন। নুরুজ্জামান তালুকদার বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, কুড়িগ্রাম-২ (সদর, ফুলবাড়ী ও রাজারহাটের ৩টি ইউনিয়ন) আসনের উপ-নির্বাচনে মোট ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদের মধ্যে দু'জন সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকি নয়জন হলেন- বিএনপির তাজুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির গোলাম হাবিব দুলাল ও আব্দার হোসেন বুলু, জাসদের মোসলেম উদ্দিন আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আব্দুল আলিম নিজামী, মোহাম্মদ শামসুল হক, কে এম মইবুল হক, আব্দুল হাই সরকার ও ইমদাদুল হক। আগামী ৯ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। বাছাই হবে ১১ মার্চ। প্রত্যাহারের শেষ তারিখ ১৭ মার্চ। জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের ছেড়ে দেওয়া এ আসনে আগামী ২ এপ্রিল উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩১ ঘ.